পাঁচ ঘণ্টা বিলম্বের পর ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

এর আগে, সন্ধ্যায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগ জানায়, প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিজি ৩৭৭ ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় উড্ডয়ন বিলম্বিত হচ্ছে। ত্রুটি শনাক্ত ও মেরামতে বিমান সংস্থাটির উড্ডয়নকর্মী ও প্রকৌশলীরা কাজ করছিলেন। এ বিষয়ে পরবর্তী তথ্য যথাসময়ে জানানোর কথাও জানায় কর্তৃপক্ষ।
এর আগে বৃহস্পতিবার জাপান সফর শেষে ঢাকায় ফেরার প্রস্তুতির সময় ফ্লাইটটিতে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। সংশ্লিষ্ট সূত্র জানায়, নির্ধারিত সময়ের প্রায় ৪০ মিনিট পর ককপিট থেকে পাইলট যাত্রা বিলম্বের বিষয়টি যাত্রীদের জানান। এ সময় তিনি যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করেন।
গত ২৬ অক্টোবর চার দিনের সরকারি সফরে জাপান যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে তিনি জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠকে অংশ নেন।
এ ছাড়া জাপানের বিভিন্ন বেসরকারি কোম্পানি ও আর্থিক প্রতিষ্ঠানের চেয়ারম্যান, প্রধান নির্বাহী কর্মকর্তা এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। এসব বৈঠকে বাংলাদেশ ও জাপানের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা বৃদ্ধি এবং বাংলাদেশে জাপানি বিনিয়োগ সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়।
সফরকালে জাপানে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির সদস্যদের সঙ্গেও মতবিনিময় করেন প্রধানমন্ত্রী।



