পাকিস্তানের রেস্তোরাঁয় খাবার পরিবেশন করছে রোবট ওয়েট্রেস, বাড়ছে ক্রেতার ভিড়

পাকিস্তানের বন্দরনগরী করাচির একটি রেস্তোরাঁয় অতিথিদের টেবিলে খাবার পৌঁছে দিচ্ছে রোবট ওয়েট্রেস। যুক্তরাষ্ট্র ও চীনের মতো উন্নত দেশগুলোতে রেস্তোরাঁয় রোবটের ব্যবহার বাড়লেও দক্ষিণ এশিয়ার দেশ পাকিস্তানে এমন দৃশ্য এখনো বিরল। তবে রোবটের উপস্থিতিতে রেস্তোরাঁটিতে ক্রেতাদের আগ্রহ ও ব্যবসা—দুটিই বেড়েছে। ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
করাচির ‘সিসিলিয়ান’ নামের রেস্তোরাঁটিতে ‘রোবিয়া’ ও ‘জোজো’ নামের দুটি রোবট অতিথিদের টেবিলে সদ্য তৈরি পিৎজা পৌঁছে দিচ্ছে। রোবিয়া ইলেকট্রনিক কণ্ঠে অতিথিদের স্বাগত জানিয়ে বলে, ‘সিসিলিয়ানে আপনাদের স্বাগত। আমার নাম রোবিয়া।’ এ সময় লাল এলইডি বাতি দিয়ে তৈরি চোখের পলক ফেলে অতিথিদের দিকে তাকায় রোবটটি।
রোবট দুটি তৈরি করেছেন পাকিস্তানের প্রকৌশলী সৈয়দ ওসামা আজিজ। স্থানীয় ও বিদেশ থেকে সংগ্রহ করা বিভিন্ন যন্ত্রাংশ ব্যবহার করে নিজ হাতে রোবটগুলো তৈরি করেন তিনি। নিজের গবেষণাগারে সার্কিট বোর্ড তৈরি ও প্রোগ্রামিংয়ের কাজও করেছেন আজিজ।
এএফপিকে তিনি বলেন, রোবট তৈরির জন্য প্রয়োজনীয় সরঞ্জাম ও যন্ত্রাংশ পাকিস্তানে সহজে পাওয়া যায় না। এ কারণে বিভিন্ন জায়গা থেকে সেগুলো সংগ্রহ করতে হয়েছে।
ভবিষ্যতে রোবটগুলোতে ক্যামেরাভিত্তিক প্রযুক্তি ও ছবি বিশ্লেষণের সুবিধা যুক্ত করার পরিকল্পনা রয়েছে আজিজের। এতে রোবট গ্রাহকদের চিনতে পারবে এবং তাঁদের আগের অর্ডার করা খাবারের কথা মনে রেখে নতুন খাবারের পরামর্শ দিতে পারবে।
রেস্তোরাঁয় রোবটের এই নতুন অভিজ্ঞতায় উচ্ছ্বসিত ক্রেতারাও। আহমের জামির নামের এক ক্রেতা বলেন, রোবটটির সবচেয়ে ভালো দিক হলো, এটি নিজেই নিজের পরিচয় দেয়।
সোনিয়া দিলোস্কা নামের আরেক তরুণী বলেন, রোবট একটি যন্ত্র, এর কোনো আবেগ নেই। এ কারণেই গ্রাহকদের সঙ্গে এর আচরণ তাঁর ভালো লাগে।
রেস্তোরাঁর কর্মীদের ভাষ্য, রোবট দুটি দেখতে দূরদূরান্ত থেকে মানুষ আসছেন। এতে রেস্তোরাঁর ব্যবসাও বেড়েছে। কর্মী হেলেন বলেন, রোবট দেখতে অনেক দূর থেকে মানুষ এখানে আসছেন। তাঁদের অনেকেই জীবনে প্রথমবারের মতো রোবট দেখছেন। রোবট দুটি দেখে তাঁরা বেশ উচ্ছ্বসিত।



