সারাদেশ

পাবনায় বজ্রপাতে ৬ জন নিহত, আহত অন্তত ৩

ছবি: সংগৃহীত

পাবনার সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে বজ্রপাতে ছয়জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে সোনাপাতিলা বিলের পাশে মাছ ধরার সময় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে কয়েকজন সোনাপাতিলা বিলের পাশের একটি নদীর নালায় বড়শি দিয়ে মাছ ধরছিলেন। এ সময় হঠাৎ বৃষ্টি শুরু হলে তাঁরা বাড়ির উদ্দেশে রওনা হন। পথে বজ্রপাত হলে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়। এ ঘটনায় কয়েকজন আহত হন।

নিহতদের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নের গজমতি গ্রামের রবিউলের ছেলে শাওন (২২), নলমুড়া গ্রামের ইসমাইলের ছেলে রব্বেল (২২), একই গ্রামের শাহজাহানের ছেলে মিজান (১২) এবং নাজিম উদ্দিনের ছেলে সাজিদ (১০)। বাকি দুজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় কুমার সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একজন উপপরিদর্শককে পাঠানো হয়েছে।

পাবনার পুলিশ সুপার আবু আশ্রাফও জানিয়েছেন, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

ক্যাটাগরি