খেলাধুলা

ফিফা ২০২৬ বিশ্বকাপে টিকিট বিক্রিতে মিলিয়ন ছাড়াল

ছবি : সংগৃহীত

 

ফুটবল দুনিয়ায় শুরু হয়ে গেছে ‘গ্রেটেস্ট শো অন আর্থ’-এর কাউন্টডাউন। ২০২৬ ফিফা বিশ্বকাপের এখনও মাস কয়েক বাকি, অথচ বিশ্বজুড়ে ভক্তরা যেন অপেক্ষা করতে পারছেন না! ফিফার তথ্যমতে, প্রথম ধাপেই বিক্রি হয়েছে ১০ লাখেরও বেশি টিকিট যা সংস্থাটির ইতিহাসে অন্যতম দ্রুততম সাড়া পাওয়া টিকিট বিক্রি হিসেবে ধরা হচ্ছে।
উত্তর আমেরিকার তিন দেশ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে হতে যাচ্ছে এবারের আসর। ৪৮ দলের সম্প্রসারিত ফরম্যাটে ১০৪টি ম্যাচ আয়োজনের প্রস্তুতি চলছে পুরোদমে।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্টিনো এই প্রবল সাড়া নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তিনি বলেন, বিশ্বজুড়ে জাতীয় দলগুলো যখন জায়গা পাওয়ার লড়াই করছে, তখন ভক্তদের আগ্রহ সত্যিই অবিশ্বাস্য। এটা প্রমাণ করছে— ফুটবল পৃথিবীর প্রতিটি প্রান্তের আবেগকে একসূত্রে বেঁধেছে।

সবচেয়ে বেশি টিকিট বিক্রি হয়েছে আয়োজক তিন দেশের মধ্যেই। এরপর রয়েছে ইংল্যান্ড, জার্মানি, ব্রাজিল, স্পেন, কলম্বিয়া, আর্জেন্টিনা ও ফ্রান্স।

প্রথম ধাপে প্রায় ৪৫ লাখ আবেদনকারীর মধ্যে লটারির মাধ্যমে টিকিট ক্রেতা নির্ধারণ করা হয়। দ্বিতীয় ধাপের লটারি আবেদন শুরু হবে ২৭ অক্টোবর থেকে, যেখানে নির্দিষ্ট দল বা ভেন্যুভিত্তিক টিকিট কেনার সুযোগ থাকবে।

মোট ৭১ লাখ আসনের এই বিশ্বকাপে সবচেয়ে সস্তা টিকিটের দাম ৬০ ডলার, যা অন্তত ৪০টি ম্যাচে প্রযোজ্য। তবে ক্যালিফোর্নিয়ায় যুক্তরাষ্ট্রের উদ্বোধনী ম্যাচের টিকিটের দাম পৌঁছেছে ৫৬০ থেকে ২,৭৩৫ ডলার পর্যন্ত।

এবারই প্রথমবারের মতো ফিফা এনেছে ‘ডায়নামিক প্রাইসিং’, অর্থাৎ চাহিদা অনুযায়ী টিকিটের দাম বাড়তে বা কমতে পারে।

দ্বিতীয় ধাপের নির্বাচিতরা নভেম্বরের মাঝামাঝি থেকে ডিসেম্বরের শুরু পর্যন্ত টিকিট কিনতে পারবেন। ৫ ডিসেম্বর দলগুলোর চূড়ান্ত সূচি ঘোষণার পর তৃতীয় ধাপে বিক্রি শুরু হবে। শেষপর্যায়ে “আগে আসলে আগে পাবেন” ভিত্তিতে টিকিট কেনার সুযোগ থাকবে। পাশাপাশি ফিফা চালু করবে অফিসিয়াল রিসেল প্ল্যাটফর্ম, যেখানে ভক্তরা নিজেদের টিকিট পুনর্বিক্রি করতে পারবেন।

এত আগেই বিশ্বকাপকে ঘিরে এমন বৈশ্বিক উন্মাদনা দেখে ফুটবল বিশ্ব একবাক্যে বলছে,২০২৬ বিশ্বকাপ শুধু খেলা নয়, এক মহাযজ্ঞ।

ক্যাটাগরি