বগুড়ায় কুপিয়ে হত্যা সাবেক ছাত্রদল নেতাকে, জিজ্ঞাসাবাদের জন্য নারী আটক

বগুড়া সদর উপজেলায় পূর্ব শত্রুতার জেরে আতিকুর রহমান সাগর মন্ডল (২৬) নামে এক সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে শাপলা নামে এক নারীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
বুধবার (২৩ জুলাই) দিবাগত রাত আড়াইটার দিকে সদর উপজেলার চালিতাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাগর মন্ডল শাখারিয়া ইউনিয়নের পাঁচবারিয়া গ্রামের বাসিন্দা এবং শাখারিয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহ্বায়ক ছিলেন।
পুলিশ ও নিহতের পরিবারের দাবি, দীর্ঘদিনের বিরোধের জেরে একদল দুর্বৃত্ত গভীর রাতে টিনের গেট ভেঙে বাড়িতে প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে সাগরের ওপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় তিনি পালানোর চেষ্টা করলে রাস্তায় লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের স্ত্রী মারজিয়া খাতুন অভিযোগ করেন, হামলাকারীরা তাকে বাধা দিতে গেলে তাকেও ভয়ভীতি ও হুমকি দেয়। পরে স্থানীয়দের সহায়তায় সাগরকে হাসপাতালে নেওয়া হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।
বগুড়া সদর থানার ওসি (তদন্ত) মাহফুজ আলম জানান, ঘটনাটি পূর্ব শত্রুতার জেরে ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে এক নারীকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হামলায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।
পুলিশ আরও জানায়, নিহত সাগর মন্ডলের বিরুদ্ধে মারামারি, মাদক ও অস্ত্রসহ বিভিন্ন অভিযোগে ছয়টি মামলা রয়েছে। তবে এসব মামলার সঙ্গে এই হত্যাকাণ্ডের কোনো সম্পর্ক রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। মামলার তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে।



