বগুড়ার বিতর্কিত তিন ইউনিয়নের নাম বদল, গণশুনানিতে চূড়ান্ত নতুন নাম

বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলা উপজেলার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহ আলমের পরিবারের সদস্যদের নামের সঙ্গে মিল থাকায় বিতর্কের মুখে পড়া ইউনিয়নগুলোর নতুন নাম গণশুনানির ভিত্তিতে নির্ধারণ করা হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, শিবগঞ্জ উপজেলার মীরবাড়ি ইউনিয়নের নাম রাখা হয়েছে বেতগাড়ী ইউনিয়ন। এছাড়া মোকামতলা উপজেলার সীমান্ত ইউনিয়নের নতুন নাম জগন্নাথপুর এবং দিগন্ত ইউনিয়নের নাম রাখা হয়েছে রহবল।
রোববার জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত সমন্বয় সভায় নতুন নামগুলো অনুমোদন করা হয়। পরে জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান জানান, প্রস্তাবটি স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানো হবে। মন্ত্রণালয়ের অনুমোদনের পর সরকারি গেজেট প্রকাশের মাধ্যমে নতুন নামগুলো আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে।
গত ১৪ জুন সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে শিবগঞ্জ ও মোকামতলা উপজেলায় চারটি নতুন ইউনিয়ন গঠন করা হয়েছিল। সেগুলোর নাম ছিল মীরবাড়ি, সীমান্ত, দিগন্ত ও স্বর্ণগ্রাম। এর মধ্যে মীরবাড়ি নামটি প্রতিমন্ত্রী মীর শাহ আলমের পৈতৃক বাড়ির নাম এবং সীমান্ত ও দিগন্ত নাম দুটি তাঁর দুই ছেলের নামের সঙ্গে মিলে যাওয়ায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। বিষয়টি জাতীয় সংসদেও উত্থাপিত হয়।
তবে প্রতিমন্ত্রী মীর শাহ আলম নামগুলোর মিলকে ‘কাকতালীয়’ দাবি করে বলেন, ইউনিয়নের ভৌগোলিক অবস্থান ও প্রশাসনিক প্রয়োজন বিবেচনায় নামগুলো নির্ধারণ করা হয়েছিল।
পরবর্তীতে প্রধানমন্ত্রীর নির্দেশে স্থানীয় প্রশাসন ২৩ ও ২৫ জুন দুই দফা গণশুনানির আয়োজন করে। স্থানীয়দের মতামতের ভিত্তিতেই শেষ পর্যন্ত তিন ইউনিয়নের নতুন নাম চূড়ান্ত করা হয়েছে।



