বজ্রঘাতে ৭ জেলায় অন্তত ১৪ জনের মৃত্যু

দেশের সাত জেলায় বজ্রঘাতে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। রোববার (২৬ এপ্রিল) বিকেল থেকে বিভিন্ন জেলায় এসব প্রাণহানির ঘটনা ঘটে। নিহতদের মধ্যে গাইবান্ধায় পাঁচজন, ঠাকুরগাঁও, সিরাজগঞ্জ ও জামালপুরে দুজন করে এবং পঞ্চগড়, বগুড়া ও নাটোরে একজন করে রয়েছেন।
এক সপ্তাহের বেশি সময় ধরে চলা তাপপ্রবাহের পর রোববার ঢাকাসহ রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে বৃষ্টি শুরু হয়। এর সঙ্গে বজ্রপাতও দেখা যায়।
গাইবান্ধার সুন্দরগঞ্জ, ফুলছড়ি ও সাঘাটা উপজেলায় বজ্রঘাতে ফুয়াদ চৌধুরী (১০), রাফি চৌধুরী (১৫), মিজান মিয়া (২০), মানিক মিয়া (২৫) ও নম্বার আলী (৬৫) নিহত হন। এ ঘটনায় শামীম মিয়া নামে একজন আহত হয়েছেন। মারা গেছে একটি গরুও।
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পৃথক বজ্রঘাতে লাবণী আক্তার (৩৫) ও ইলিয়াস আলী (৩৭) নিহত হন। সিরাজগঞ্জের রায়গঞ্জ ও তাড়াশে বজ্রঘাতে প্রাণ হারান হোসেন আলী সেখ (২৫) ও আবদুল হামিদ (৫০)।
জামালপুরে পৃথক ঘটনায় মর্জিনা বেগম (২২) ও হাসমত আলী (৪৫) নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। বজ্রপাতে পাঁচটি গরুর মৃত্যুর খবরও পাওয়া গেছে। পঞ্চগড়ের আটোয়ারীতে বজ্রঘাতে চা-শ্রমিক সোহরাওয়ার্দী (২২) নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুই শ্রমিক।
নাটোরের সিংড়ায় বজ্রঘাতে ধানকাটা শ্রমিক সম্রাট হোসেন (২৬) এবং বগুড়ার গাবতলীতে কৃষক সুমন (৩৫) নিহত হন। পুলিশ ও স্থানীয় প্রশাসন জানিয়েছে, ঘটনাগুলোতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া নেওয়া হচ্ছে। একই সঙ্গে বজ্রপাত থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ।






