বাংলাদেশের আকাশে সফর মাসের চাঁদ দেখা গেছে, আখেরি চাহার সোম্বা ১২ আগস্ট

বাংলাদেশের আকাশে ১৪৪৮ হিজরি সনের পবিত্র সফর মাসের চাঁদ দেখা গেছে। ফলে বৃহস্পতিবার (১৬ জুলাই) থেকে সফর মাসের গণনা শুরু হয়েছে। সে অনুযায়ী আগামী ১২ আগস্ট (বুধবার) দেশে পবিত্র আখেরি চাহার সোম্বা পালিত হবে।
বুধবার (১৫ জুলাই) সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ।
সভায় দেশের বিভিন্ন জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) থেকে পাওয়া তথ্য পর্যালোচনা করা হয়। পরে জাতীয় চাঁদ দেখা কমিটি সফর মাসের চাঁদ দেখা যাওয়ার বিষয়টি নিশ্চিত করে।
ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, দেশের বিভিন্ন স্থান থেকে পাওয়া চাঁদ দেখার তথ্য যাচাই-বাছাই করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সভায় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (গ্রেড-১) মুহাম্মদ মুহিববুল্লাহিল বাকী, সরকারি বিভিন্ন সংস্থার কর্মকর্তা, ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।




