জাতীয়

বাংলাদেশে বদলে যাচ্ছে অর্থবছর, ২০২৮ থেকে এপ্রিল-মার্চ

সোমবার সন্ধ্যায় সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হয়েছে। ছবি-পিআইডি

বাংলাদেশে প্রচলিত অর্থবছরের সময়সীমা পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২০২৮-২৯ অর্থবছর থেকে দেশের অর্থবছর ১ এপ্রিল থেকে ৩১ মার্চ পর্যন্ত নির্ধারণ করা হবে। বর্তমানে বাংলাদেশে অর্থবছর ১ জুলাই থেকে ৩০ জুন পর্যন্ত হিসাব করা হয়।

সোমবার (১৭ আগস্ট) মন্ত্রিসভার বৈঠকে অর্থবছরের সময়সীমা পরিবর্তনের এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, জুলাই-আগস্টসহ বর্ষাকালে অবকাঠামো উন্নয়ন কার্যক্রম পরিচালনা করতে গিয়ে নানা সমস্যার সৃষ্টি হয়। বৃষ্টির কারণে উন্নয়নকাজ দীর্ঘায়িত হওয়ার পাশাপাশি কাজের গুণগত মান ক্ষতিগ্রস্ত হয় এবং জনদুর্ভোগ বাড়ে। নতুন অর্থবছর এপ্রিল-মার্চ করা হলে বর্ষা শুরুর আগেই অধিকাংশ অবকাঠামোগত উন্নয়নকাজ শেষ করা সম্ভব হবে।

সিদ্ধান্ত বাস্তবায়নে মন্ত্রিপরিষদ বিভাগ, বাংলাদেশ ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), লেজিসলেটিভ বিভাগ ও অর্থ বিভাগসহ সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে একটি কমিটি গঠন করা হবে। কমিটি অর্থবছর পরিবর্তনের পরবর্তী কর্মপন্থা নির্ধারণ করবে।

এ জন্য সংবিধান ও জেনারেল ক্লজেস অ্যাক্ট, ১৮৯৭-এ প্রয়োজনীয় সংশোধন আনতে হবে। পাশাপাশি সরকারের আর্থিক ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন প্রযুক্তিগত ও প্রশাসনিক ব্যবস্থায়ও পরিবর্তন আনার প্রয়োজন হবে।

পরিকল্পনা অনুযায়ী, ২০২৭-২৮ অর্থবছরকে অন্তর্বর্তী বা ট্রানজিশনাল অর্থবছর হিসেবে ধরা হবে। ওই অর্থবছরটি জুলাই থেকে মার্চ পর্যন্ত নয় মাসে শেষ করা হবে। এরপর ২০২৮-২৯ অর্থবছর থেকে নতুন নিয়মে এপ্রিল থেকে মার্চ পর্যন্ত অর্থবছর কার্যকর হবে।

ক্যাটাগরি