বাংলাদেশ ইউনিভার্সিটিতে ছয় দিনব্যাপী ভর্তি মেলা, থাকছে সর্বোচ্চ শতভাগ ফি মওকুফ

বাংলাদেশ ইউনিভার্সিটিতে শুরু হয়েছে ছয় দিনব্যাপী ভর্তি মেলা। ফল সেমিস্টারে ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের জন্য আয়োজিত এ মেলায় টিউশন ফি সর্বোচ্চ ১০০ শতাংশ মওকুফসহ বিভিন্ন ছাড়ের সুযোগ থাকছে।
রোববার (১৬ আগস্ট) রাজধানীর মোহাম্মদপুরের আদাবরে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ ইউনিভার্সিটির রেজিস্ট্রার বি. জে. মো. মাহবুবুল হক (অব.)। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
থাকছে বিভিন্ন ছাড়
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ফল সেমিস্টারে বিভিন্ন বিভাগে ভর্তিচ্ছুক শিক্ষার্থীরা এসএসসি ও এইচএসসির ফলাফলের ভিত্তিতে সর্বনিম্ন ১০ শতাংশ থেকে সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত কোর্স ফি মওকুফের সুযোগ পাবেন।
এ ছাড়া ভর্তি মেলা উপলক্ষে অতিরিক্ত ৫ হাজার থেকে ১০ হাজার টাকা পর্যন্ত ছাড় দেওয়া হবে। ফলে আগ্রহী শিক্ষার্থীরা নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে বিশেষ সুবিধায় ভর্তি হওয়ার সুযোগ পাবেন।
সরাসরি তথ্য জানার সুযোগ
মেলায় ভর্তিচ্ছুক শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, শিক্ষা কার্যক্রম ও সুযোগ-সুবিধা সম্পর্কে সরাসরি জানার সুযোগ পাচ্ছেন। পাশাপাশি ক্যাম্পাস ঘুরে দেখার এবং সংশ্লিষ্ট বিভাগগুলোর বিষয়ে বিস্তারিত তথ্য নেওয়ার সুযোগ থাকছে।
এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞ ও জ্যেষ্ঠ শিক্ষকদের সঙ্গে সরাসরি মতবিনিময় করে উচ্চশিক্ষার বিভিন্ন বিষয় ও ক্যারিয়ার-সংক্রান্ত দিকনির্দেশনা নিতে পারবেন শিক্ষার্থীরা।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মেলা চলবে ২১ আগস্ট পর্যন্ত
প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভর্তি মেলা চলবে। রোববার শুরু হওয়া এ মেলা শেষ হবে আগামী শুক্রবার (২১ আগস্ট)।
ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে ক্যাম্পাসে গিয়ে মেলায় অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।




