কর্পোরেট

বাংলা কিউআর বিস্তারে ৮ লাখের বেশি মার্চেন্ট যুক্ত করেছে বিকাশ

বাংলাদেশ ব্যাংকের ডিজিটাল পেমেন্ট সম্প্রসারণ উদ্যোগের অংশ হিসেবে দেশের ৮ লাখের বেশি মার্চেন্টকে বাংলা কিউআর (Bangla QR) ব্যবস্থায় যুক্ত করেছে বিকাশ। প্রতিষ্ঠানটি জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যেই সবচেয়ে বেশি সংখ্যক মার্চেন্ট পয়েন্টে বাংলা কিউআর প্রতিস্থাপন করেছে তারা। এর ফলে গ্রাহকরা এখন বিকাশসহ বাংলা কিউআর-সমর্থিত যেকোনো মোবাইল ওয়ালেট বা ব্যাংকিং অ্যাপ ব্যবহার করে একই কিউআর কোড স্ক্যান করে ক্যাশলেস লেনদেন করতে পারছেন।

বিকাশের তথ্য অনুযায়ী, বর্তমানে তাদের প্রতিস্থাপিত বাংলা কিউআর মার্চেন্ট নেটওয়ার্কে প্রতিদিন গড়ে ২০০ কোটির বেশি টাকার ডিজিটাল পেমেন্ট সম্পন্ন হচ্ছে। ছোট মুদি দোকান থেকে শুরু করে ফার্মেসি, রেস্তোরাঁ, সুপারশপ ও বিভিন্ন লাইফস্টাইল আউটলেটেও এই সেবা চালু রয়েছে।

ডিজিটাল পেমেন্টে গ্রাহকদের অংশগ্রহণ বাড়াতে দেশজুড়ে ৪৫ হাজার মার্চেন্ট পয়েন্টে ক্যাশব্যাক ও ডিসকাউন্ট কুপনের বিশেষ অফার চালু করেছে বিকাশ। এই অফারের আওতায় বাংলা কিউআর স্ক্যান করে পেমেন্ট করলে একজন গ্রাহক সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক ও ডিসকাউন্ট কুপন পাওয়ার সুযোগ পাবেন।

মার্চেন্টদের জন্য লেনদেন আরও সহজ করতে দেশে প্রথমবারের মতো ‘ডিজিটাল পেমেন্ট স্পিকার’ চালু করেছে বিকাশ, যা পেমেন্ট সফল হওয়ার তাৎক্ষণিক অডিও নিশ্চিতকরণ দেয়। পাশাপাশি, ব্র্যাক ব্যাংকের সঙ্গে যৌথভাবে পরীক্ষামূলকভাবে মার্চেন্টদের জন্য তাৎক্ষণিক স্বল্পমেয়াদি ডিজিটাল ঋণ সুবিধাও চালু করা হয়েছে। মার্চেন্ট অ্যাকাউন্টে লেনদেনের ভিত্তিতে নির্ধারিত রেটিং অনুযায়ী এ ঋণ পাওয়া যাবে।

বিকাশের দাবি, বাংলা কিউআর সম্প্রসারণ, নতুন প্রযুক্তি এবং বিভিন্ন প্রণোদনামূলক অফারের মাধ্যমে দেশে ক্যাশলেস লেনদেনের পরিধি বাড়াতে এবং ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করতে কাজ করছে প্রতিষ্ঠানটি।

ক্যাটাগরি