আন্তর্জাতিক

বিশ্বজুড়ে মার্কিন অভিবাসী ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্থগিত

ছবি- সংগৃহীত

যুক্তরাষ্ট্রের দূতাবাস ও কনস্যুলেটগুলোতে বিশ্বজুড়ে অভিবাসী ভিসার সাক্ষাৎকার ও অ্যাপয়েন্টমেন্ট সাময়িকভাবে স্থগিত বা পুনর্নির্ধারণ করা হয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের বৈশ্বিক প্রশিক্ষণ কর্মসূচির কারণে এ পরিবর্তন আনা হয়েছে বলে জানিয়েছে ট্রাম্প প্রশাসন।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র মঙ্গলবার জানান, বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন দূতাবাস ও কনস্যুলেটে কনস্যুলার কর্মকর্তাদের জন্য একটি প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। এ প্রশিক্ষণের সঙ্গে সামঞ্জস্য রাখতে ভিসাসেবা-সংক্রান্ত অ্যাপয়েন্টমেন্টের সময়সূচিতে পরিবর্তন আনা হচ্ছে। তবে প্রশিক্ষণটি কত দিন চলবে বা নতুন করে সাক্ষাৎকার নেওয়া কবে শুরু হবে, সে বিষয়ে নির্দিষ্ট সময়সীমা জানানো হয়নি।

আগে থেকে সাক্ষাৎকারের সময় নির্ধারিত থাকা অনেক আবেদনকারীকে ই-মেইলের মাধ্যমে জানানো হয়েছে যে তাঁদের অ্যাপয়েন্টমেন্ট পুনর্নির্ধারণ করা হবে। নতুন তারিখ পরে জানিয়ে দেওয়া হবে। এতে যুক্তরাষ্ট্রে অভিবাসনের অপেক্ষায় থাকা আবেদনকারীদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

পররাষ্ট্র দপ্তর বলছে, প্রশিক্ষণের অন্যতম উদ্দেশ্য হলো কনস্যুলার কর্মকর্তাদের আবেদনকারীদের আর্থিক সক্ষমতা ও ভবিষ্যতে সরকারি জনকল্যাণমূলক সুবিধার ওপর নির্ভরশীল হওয়ার সম্ভাবনা মূল্যায়নে আরও দক্ষ করে তোলা। সামগ্রিকভাবে ও ধারাবাহিকভাবে ভিসা আবেদন যাচাই করাও প্রশিক্ষণের লক্ষ্য।

এই পদক্ষেপটি এমন এক সময়ে নেওয়া হলো, যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের অভিবাসননীতি আরও কঠোর হয়েছে। তাঁর প্রশাসন অবৈধ অভিবাসীদের বহিষ্কার, ভিসা ও গ্রিন কার্ড বাতিল এবং অভিবাসন আবেদন যাচাইয়ে কঠোরতার ওপর জোর দিচ্ছে।

এর আগে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসী ভিসা স্থগিত করার প্রশাসনিক সিদ্ধান্তও আদালতে চ্যালেঞ্জের মুখে পড়ে। একজন ফেডারেল বিচারক ওই নীতি বাতিল করে বলেন, এমন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তাঁর আইনগত ক্ষমতার সীমা অতিক্রম করেছেন।

এদিকে মার্কিন পররাষ্ট্র দপ্তর চলতি মাসে কিছু অভিবাসী ভিসাপ্রার্থীর জন্য ‘পাবলিক চার্জ বন্ড’ ব্যবস্থাও চালু করেছে। নির্দিষ্ট কিছু আবেদনকারীর ক্ষেত্রে যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সহায়তার ওপর নির্ভরশীল হওয়ার ঝুঁকি থাকলে অতিরিক্ত বন্ডের প্রয়োজন হতে পারে।

ফলে নতুন করে অ্যাপয়েন্টমেন্ট স্থগিত ও পুনর্নির্ধারণের ঘটনায় যুক্তরাষ্ট্রে অভিবাসনের প্রক্রিয়ায় আরও বিলম্ব ও অনিশ্চয়তা তৈরি হয়েছে।

সূত্র: রয়টার্স

ফিন্যান্সিয়াল বার্তা/এইচ

 

 

ক্যাটাগরি