বিশ্ববাজারে আবারও কমল স্বর্ণের দাম

বিশ্ববাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। আগামী ডিসেম্বরের বৈঠকে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড) সুদের হার বাড়াতে পারে-এমন আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে মূল্যবান এই ধাতুর দামে নতুন করে নিম্নমুখী চাপ তৈরি হয়েছে। বিনিয়োগকারীদের সতর্ক অবস্থান এবং কঠোর মুদ্রানীতির সম্ভাবনায় স্বর্ণের পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর দামও কমেছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বাংলাদেশ সময় দুপুর ১২টা ৩৫ মিনিটে আন্তর্জাতিক স্পট মার্কেটে স্বর্ণের দাম দশমিক ৩ শতাংশ কমে প্রতি আউন্স ৩ হাজার ৬১৯ ডলার ৯৫ সেন্টে নেমে আসে। একই সময়ে যুক্তরাষ্ট্রের স্বর্ণের ফিউচার দর দশমিক ৯ শতাংশ কমে প্রতি আউন্স ৩ হাজার ৬১৯ ডলারে দাঁড়ায়।
এর আগে গত ২১ নভেম্বর স্বর্ণের দাম কমে প্রতি আউন্স ৩ হাজার ৫০২ ডলার ৪৯ সেন্টে নেমেছিল, যা ২০২৫ সালের সেপ্টেম্বরের পর সর্বনিম্ন। গত সপ্তাহে সব মিলিয়ে স্বর্ণের দাম প্রায় ৮ শতাংশ কমে যায়। গত মার্চের পর এটিই ছিল ধাতুটির সবচেয়ে বড় সাপ্তাহিক দরপতন।
বাজার বিশ্লেষকদের মতে, সুদের হার বাড়লে স্বর্ণে বিনিয়োগের আকর্ষণ কমে যায়। কারণ স্বর্ণ থেকে বিনিয়োগকারীরা সরাসরি কোনো সুদ পান না। অন্যদিকে সুদের হার বাড়লে বন্ডসহ সুদযুক্ত সম্পদে বিনিয়োগের প্রবণতা বাড়ে। ফলে স্বর্ণের চাহিদা ও দামের ওপর নেতিবাচক প্রভাব পড়ে।
সিএমইর ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, আগামী ডিসেম্বরের বৈঠকে ফেড সুদের হার ২৫ বেসিস পয়েন্ট বাড়াতে পারে বলে ধারণা করছেন বাজারের অংশগ্রহণকারীরা। এ সম্ভাবনা ৯৩ দশমিক ৫ শতাংশ। অন্যদিকে ৫০ বেসিস পয়েন্ট সুদ বাড়ানোর সম্ভাবনা ৬ দশমিক ৫ শতাংশ।
নিউইয়র্ক ফেডের প্রেসিডেন্ট জন উইলিয়ামস সোমবার বলেছেন, যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি এখনো উচ্চপর্যায়ে থাকায় কেন্দ্রীয় ব্যাংককে আরও কঠোর মুদ্রানীতি অনুসরণ করতে হতে পারে। তবে ভবিষ্যতে সুদের হার কতটা বাড়ানো হবে, তা নির্ভর করবে নতুন অর্থনৈতিক তথ্যের ওপর।
এদিকে বুধবার যুক্তরাষ্ট্রের ব্যক্তিগত ভোগব্যয় মূল্যসূচক (পিসিই) প্রকাশের কথা রয়েছে। মূল্যস্ফীতি পরিমাপের অন্যতম গুরুত্বপূর্ণ এই সূচকের দিকে নজর রাখছেন বিনিয়োগকারীরা। প্রকাশিত তথ্য ফেডের পরবর্তী সুদের হারসংক্রান্ত সিদ্ধান্ত সম্পর্কে নতুন ইঙ্গিত দিতে পারে।
ডিএইচএফ ক্যাপিটালের প্রধান নির্বাহী ও সম্পদ ব্যবস্থাপক বাস কুইজম্যানের মতে, গত সপ্তাহে ফেডের কঠোর মুদ্রানীতির ইঙ্গিত এবং প্রযুক্তি খাতের শেয়ারে দরপতনের কারণে বিনিয়োগকারীরা লোকসান সামাল দিতে স্বর্ণ বিক্রি করেছেন। সেই চাপ কিছুটা কমলেও সুদের হার বাড়ার প্রত্যাশায় স্বর্ণের দামে নিম্নমুখী প্রবণতা অব্যাহত থাকতে পারে।
স্বর্ণের পাশাপাশি আন্তর্জাতিক বাজারে অন্যান্য মূল্যবান ধাতুর দামও কমেছে। মঙ্গলবার স্পট মার্কেটে রুপার দাম ১ দশমিক ৯ শতাংশ কমে প্রতি আউন্স ৪২ ডলার ২৩ সেন্টে দাঁড়িয়েছে। একই সময়ে প্লাটিনামের দাম ২ দশমিক ৭ শতাংশ এবং প্যালাডিয়ামের দাম ১ দশমিক ২ শতাংশ কমেছে।
তথ্যসূত্র: রয়টার্স



