জাতীয়

ভুয়া মাইগ্রেশন এজেন্টের প্রতারণা, সতর্ক করল অস্ট্রেলিয়ান হাইকমিশন

প্রতীকী ছবি

অস্ট্রেলিয়ায় বসবাস ও কাজের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে বাংলাদেশিদের প্রতারণার ফাঁদে ফেলছে ভুয়া মাইগ্রেশন এজেন্টরা—এমন অভিযোগে অস্ট্রেলিয়াগামীদের সতর্ক করেছে ঢাকার অস্ট্রেলিয়ান হাইকমিশন।

শনিবার (৮ আগস্ট) এক বার্তায় হাইকমিশন জানায়, অস্ট্রেলিয়ায় যাওয়ার ক্ষেত্রে ভিসাসংক্রান্ত পরামর্শ নিতে অবশ্যই দেশটিতে নিবন্ধিত মাইগ্রেশন এজেন্ট অথবা অস্ট্রেলীয় আইনজীবীর সহায়তা নেওয়া উচিত। নিবন্ধিত মাইগ্রেশন এজেন্টরা বাংলাদেশ থেকেও কার্যক্রম পরিচালনা করতে পারেন।

হাইকমিশন জানিয়েছে, নিবন্ধিত মাইগ্রেশন এজেন্টদের নির্দিষ্ট আচরণবিধি মেনে চলতে হয় এবং পেশাগত জ্ঞান ও মানদণ্ড অনুসরণ করতে হয়। তারা সেবার ধরন ও সম্ভাব্য খরচ লিখিতভাবে জানাতে বাধ্য। একই সঙ্গে ভিসা আবেদনের ফলাফল সম্পর্কে আবেদনকারীকে দ্রুত অবহিত করতে হয় এবং সেবার জন্য ন্যায্য ও যুক্তিসংগত ফি নেওয়ার নিয়ম রয়েছে।

অস্ট্রেলিয়ায় নিবন্ধিত মাইগ্রেশন এজেন্টের কার্যক্রম ও সেবা সম্পর্কে বিস্তারিত জানতে হাইকমিশন সংশ্লিষ্ট সরকারি নির্দেশিকা অনুসরণ করার পরামর্শ দিয়েছে।

ভিসার নামে প্রতারণা এড়াতে অস্ট্রেলিয়াগামীদের এজেন্টের নিবন্ধন ও পরিচয় যাচাই করে এবং লিখিত চুক্তির মাধ্যমে সেবা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

একজন নিবন্ধিত মাইগ্রেশন এজেন্টের কার্যক্রম সম্পর্কে জান‌তে https://www.mara.gov.au/get-help-visa-subsite/FIles/consumer_guide_bengali.pdf এই ও‌য়েবসাইট দেখার পরামর্শ দি‌য়ে‌ছে হাইক‌মিশন।

ক্যাটাগরি