মধ্যপ্রাচ্যে উত্তেজনা, বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও বেড়েছে। সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কায় সোমবার (১৪ সেপ্টেম্বর) আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১০৭ ডলার ছাড়িয়েছে।
এদিন নভেম্বর সরবরাহের জন্য ব্রেন্ট ক্রুডের দাম ২ দশমিক ৮ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৭ দশমিক ৫৪ ডলারে উঠেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের বাজারের প্রধান সূচক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই)-এর অক্টোবর সরবরাহের দাম ২ দশমিক ৩ শতাংশ বেড়ে ১০২ দশমিক ৩৪ ডলারে দাঁড়িয়েছে।
বাজার বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বাড়লে বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহ নিয়ে অনিশ্চয়তা তৈরি হতে পারে। এতে তেলের দাম আরও বাড়ার আশঙ্কা রয়েছে।
হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাঙ্কারকে ঘিরে ইরান ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলার পাশাপাশি সৌদি আরবের জ্বালানি স্থাপনায় ইয়েমেনের হুতি বিদ্রোহীদের নতুন হামলার ঘটনায় সরবরাহ নিয়ে উদ্বেগ বেড়েছে।
হুতিদের ড্রোন হামলার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সৌদি আরব তাদের কৌশলগত ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইন সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে। প্রায় ১ হাজার ২০০ কিলোমিটার দীর্ঘ এই পাইপলাইন দিয়ে প্রতিদিন ৪০ থেকে ৫০ লাখ ব্যারেল তেল সরবরাহ করা হতো। যা বৈশ্বিক চাহিদার প্রায় ৪ থেকে ৫ শতাংশের সমান।
অন্যদিকে, হরমুজ প্রণালি ব্যবহারকারী জাহাজগুলোকে আগে অনুমতি নেওয়ার শর্ত দিয়েছে ইরান। একই সঙ্গে প্রণালিটি ব্যবহারের জন্য সার্ভিস ফি চালুর বিষয়টিও দেশটি বিবেচনা করছে বলে জানা গেছে।
ইরানের আরোপ করা শর্ত না মানা জাহাজগুলো হামলার ঝুঁকিতে পড়ছে। অন্যদিকে, হরমুজ প্রণালিতে ইরানের নিয়ন্ত্রণকে চ্যালেঞ্জ করতে যুক্তরাষ্ট্রও ইরানের উপকূলীয় এলাকায় হামলা চালাচ্ছে।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি ঘিরে এমন উত্তেজনা আন্তর্জাতিক বাজারে তেলের সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়িয়েছে। মধ্যপ্রাচ্যের সংঘাত দ্রুত প্রশমিত না হলে তেলের দাম আরও কিছুদিন ঊর্ধ্বমুখী থাকতে পারে বলে আশঙ্কা করছেন বাজার বিশ্লেষকরা। তথ্যসূত্র: এনডিটিভি
ফিন্যান্সিয়াল বার্তা/এইচ



