২০২৭ সালের হজ প্যাকেজে কমল মূল খরচ, বিমান ভাড়া কমেছে ২৪ হাজার ৮৩০ টাকা

সাধারণ মানুষের জন্য হজযাত্রা আরও সাশ্রয়ী ও সহজলভ্য করতে ২০২৭ সালের হজ প্যাকেজের মূল খরচ কমানো হয়েছে বলে জানিয়েছেন ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। গত বছরের তুলনায় বিমান ভাড়া ২৪ হাজার ৮৩০ টাকা কমানো সম্ভব হয়েছে বলেও জানান তিনি।
সোমবার জাতীয় সংসদে সরকারি দলের সদস্য আনিসুর রহমানের (মাদারীপুর-৩) এক লিখিত প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রী এসব তথ্য জানান।
মন্ত্রী বলেন, ২০২৬ সালে খাবারের খরচ ছাড়া সরকারের সর্বনিম্ন হজ প্যাকেজের মূল্য ছিল ৪ লাখ ৬৭ হাজার ১৩৭ টাকা। ২০২৭ সালে হজযাত্রীদের সুবিধার কথা বিবেচনা করে মূল প্যাকেজের সঙ্গে খাবারের খরচও যুক্ত করা হয়েছে। এতে প্যাকেজের খরচে ৩৯ হাজার ৫০৮ টাকা যোগ হয়েছে।
তিনি জানান, হজ ব্যবস্থাপনার মোট ব্যয়ের প্রায় তিন-চতুর্থাংশ সৌদি আরব অংশে এবং এক-চতুর্থাংশ বাংলাদেশ অংশে ব্যয় হয়। সৌদি অংশের ব্যয়ের মধ্যে মিনা ও আরাফাতে তাঁবু, স্থানীয় পরিবহন, মিনা, মক্কা ও মদিনায় আবাসন, কোরবানি, ভিসা ও স্বাস্থ্যবীমা ফি রয়েছে। বাংলাদেশ অংশের ব্যয়ের বড় অংশ বিমান ভাড়া।
ধর্মমন্ত্রী বলেন, সৌদি সরকার মিনা ও আরাফাতে পূর্বের সর্বনিম্ন ‘ডি-ক্যাটাগরি’ সেবা প্রত্যাহার করায় হজের খরচ বেড়েছে ৭০০ সৌদি রিয়াল বা প্রায় ২৩ হাজার ২৪০ টাকা। বৈদেশিক মুদ্রার বিনিময় হার সমন্বয়ের কারণেও ব্যয় বেড়েছে আরও ৩ হাজার ৮২৫ টাকা।
এসব অতিরিক্ত খরচ ও খাবারের মূল্য যুক্ত করে গত বছরের প্যাকেজ কাঠামো অপরিবর্তিত রাখা হলে ২০২৭ সালে সর্বনিম্ন হজ প্যাকেজের মূল্য ৫ লাখ ৩৩ হাজার ৭৪০ টাকা হতো। তবে বিমান ভাড়া ২৪ হাজার ৮৩০ টাকা কমানোয় প্যাকেজের মোট খরচ কম রাখা সম্ভব হয়েছে বলে জানান মন্ত্রী।



