বিনোদন

মাতৃত্বের পর শারীরিক পরিবর্তন নিয়ে কটাক্ষ, ক্যাটরিনার পাশে সহকর্মীরা

ক্যাটরিনা কাইফ

মাতৃত্বের পর শারীরিক পরিবর্তন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটাক্ষের মুখে পড়েছেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। সম্প্রতি স্বামী ও অভিনেতা ভিকি কৌশলের সঙ্গে একটি অনুষ্ঠানে হাজির হওয়ার পর তার ছবি ও ভিডিও ছড়িয়ে পড়লে নেটিজেনদের একাংশ অভিনেত্রীর চেহারা ও বয়স নিয়ে নানা মন্তব্য করেন।

পরিচালক কুকু কোহলির শেষকৃত্যে ভিকি কৌশলের সঙ্গে উপস্থিত হয়েছিলেন ক্যাটরিনা। এ সময় সাদা সালোয়ার-কামিজে দেখা যায় তাকে। অনুষ্ঠানের বেশ কিছু ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পরই তার চেহারার পরিবর্তন নিয়ে আলোচনা শুরু হয়। কেউ কেউ বয়স নিয়েও কটাক্ষ করেন।

তবে এমন মন্তব্যের প্রতিবাদ জানিয়েছেন অনেকে। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের একটি অংশ ক্যাটরিনার সমর্থনে এগিয়ে এসে বলছেন, মাতৃত্বের পর নারীর শরীরে পরিবর্তন আসা স্বাভাবিক। সন্তান জন্মের পর শরীর সুস্থ হয়ে স্বাভাবিক অবস্থায় ফিরতেও সময় প্রয়োজন। তাই এ নিয়ে কটাক্ষ করা অসংবেদনশীলতার পরিচয়।

ক্যাটরিনার পাশে দাঁড়িয়েছেন অভিনেত্রী শিবালিকা ওবেরয়ও। ট্রোলারদের উদ্দেশে তিনি বলেন, মাতৃত্বের পর নারীর শরীরে পরিবর্তন আসা স্বাভাবিক বিষয়। সন্তান জন্মের পর একজন নারীর শরীর সুস্থ হয়ে ওঠার প্রক্রিয়াটি সময়সাপেক্ষ।

গত বছরের নভেম্বরে মা হয়েছেন ক্যাটরিনা কাইফ। এরপর সন্তান ও পরিবারকে সময় দিতে অভিনয় থেকে কিছুটা বিরতিতে রয়েছেন তিনি। এ সময় তাকে খুব বেশি প্রকাশ্যেও দেখা যায়নি।

তবে অভিনয় থেকে পুরোপুরি দূরে সরে যাননি ক্যাটরিনা। নতুন কয়েকটি প্রকল্পের জন্য তিনি এরই মধ্যে স্ক্রিপ্ট পড়া শুরু করেছেন বলে জানা গেছে। ফলে শিগগিরই তাকে আবারও পর্দায় দেখা যেতে পারে বলে প্রত্যাশা করছেন তার ভক্তরা।

ফিন্যান্সিয়াল বার্তা/এইচ

ক্যাটাগরি