খেলাধুলা

মায়ের দোয়ায় বিশ্বকাপ স্বপ্নপূরণ, মালিঙ্গা-মিতালির প্রশংসায় মারুফা

প্রতিপক্ষের চোখে চোখ রেখে খেলার সাহস আর দক্ষতায় ক্রিকেট দুনিয়ায় পরিচিত হয়ে উঠেছেন মারুফা আক্তার। মাত্র ১৯ বছর বয়সেই যে পেস–সুইংয়ে ব্যাটারদের কাঁপিয়ে দিতে পারেন, তার প্রমাণ মিলল নারী ওয়ানডে বিশ্বকাপের প্রথম ম্যাচেই। পাকিস্তানের টপ অর্ডারকে বিপর্যয়ে ফেলে ম্যাচের সেরা হয়ে উঠলেন বাংলাদেশি পেসার।

কলম্বোয় গতকাল আগে ব্যাট করতে নেমে ৩৮.৩ ওভারে মাত্র ১২৯ রানে গুটিয়ে যায় পাকিস্তান। জবাবে নিগার সুলতানা জ্যোতির দল ১১৩ বল হাতে রেখেই ৭ উইকেটে জয় তুলে নেয়। বাংলাদেশি পেস আক্রমণের সামনে পুরো ম্যাচজুড়েই নড়বড়ে ছিল পাকিস্তান ব্যাটিং।

ব্যাটিং ধসের শুরুটা করেন মারুফা আক্তার। ইনিংসের প্রথম ওভারের শেষ দুই বলে পরপর ফিরিয়ে দেন ওমাইমা সোহেল ও সিদরা আমিনকে। বিশেষ করে সিদরাকে ইন-সুইংয়ে বোল্ড করার ডেলিভারিটি নজর কেড়েছে সবার। সাবেক শ্রীলঙ্কান তারকা লাসিথ মালিঙ্গা সামাজিক মাধ্যমে বলটি আখ্যা দিয়েছেন ‘এখন পর্যন্ত বিশ্বকাপের সেরা ডেলিভারি’ হিসেবে। ভারতের কিংবদন্তি ব্যাটার মিতালি রাজও মারুফার নিয়ন্ত্রিত লাইন–লেংথের প্রশংসা করেছেন।

মালিঙ্গা লিখেছেন, ‘নিখাদ স্কিল। অসাধারণ নিয়ন্ত্রণ। এখনও পর্যন্ত টুর্নামেন্টের সেরা ডেলিভারি।’

৭ ওভারে ৩১ রানে ২ উইকেট নিয়ে ম্যাচসেরা নির্বাচিত হন মারুফা। সংবাদ সম্মেলনে তিনি সাফল্যের কৃতিত্ব দিয়েছেন সতীর্থদের সমর্থন ও পরিবারের দোয়াকে, ‘মাকে সবসময় ভিডিও কলে বলি দোয়া করতে। বাবা বাটন ফোন ব্যবহার করেন বলে তার সঙ্গে ভিডিও কলে কথা হয় না। সবাই আমাকে ভরসা দেয়, এমনকি বাউন্ডারি খেয়েও তারা আমাকে বিশ্বাস করে।’

শুধু মারুফা নন, আলো ছড়িয়েছেন লেগ স্পিনার স্বর্ণা আক্তারও। মাত্র ৩.৩ ওভারে ৫ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট, তিন ওভারই মেডেন। তার নিয়ন্ত্রিত বোলিং পাকিস্তানকে আরও চাপে ফেলে দেয়।

ম্যাচ শেষে পাকিস্তান অধিনায়ক ফাতিমা সানা স্বীকার করেছেন শুরুতেই মারুফার পেস আক্রমণে তারা চাপে পড়ে যান। বলেন, ‘প্রথম ওভারে দুই উইকেট চলে যাওয়াটা ম্যাচ ঘুরিয়ে দিয়েছে। সামনে আরও ভালো পরিকল্পনা করতে হবে আমাদের।’

এই জয়ে বাংলাদেশের নেট রানরেট দাঁড়িয়েছে +১.৬২৩, যা ভারতের (+১.২৫৫) চেয়েও এগিয়ে। আগামী ৭ অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে নামবে জ্যোতির দল।

নারী বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে দুর্দান্ত জয় এনে দিয়েছেন মারুফারা। বিশেষ করে মারুফার আগুনঝরা পেস-সুইং ইতোমধ্যেই ক্রিকেটবিশ্বে আলোচনার কেন্দ্রে এনে দিয়েছে তাকে।

 

ক্যাটাগরি