মুলতানি মাটি কি ব্রণ কমায়? জেনে নিন কারা ব্যবহার করবেন

রূপচর্চায় দীর্ঘদিন ধরে মুলতানি মাটি ব্যবহার হয়ে আসছে। বিশেষ করে তৈলাক্ত ত্বক, ব্রণ ও অতিরিক্ত তেলতেলে ভাব কমাতে অনেকে মুলতানি মাটির ফেসপ্যাক ব্যবহার করেন। তবে এটি সবার ত্বকের জন্য উপযোগী নয়। ত্বকের ধরন অনুযায়ী এর উপকারের পাশাপাশি ক্ষতিকর প্রভাবও হতে পারে।
তৈলাক্ত ত্বকে উপকারী
মুলতানি মাটি ত্বকের অতিরিক্ত তেল শুষে নিতে পারে। তাই তৈলাক্ত ও ব্রণপ্রবণ ত্বকে এটি সাময়িকভাবে তেলতেলে ভাব কমাতে এবং ত্বক পরিষ্কার রাখতে সহায়তা করতে পারে। ধুলাবালির মধ্যে দীর্ঘ সময় কাজ করলেও অনেকে ত্বক পরিষ্কারের জন্য এটি ব্যবহার করেন।
তবে মুলতানি মাটি ব্রণের দাগ বা পিগমেন্টেশন দূর করার কার্যকর উপায় নয়। একইভাবে বয়সের ছাপ বা বলিরেখা প্রতিরোধেও এর কার্যকারিতার নির্ভরযোগ্য প্রমাণ নেই।
শুষ্ক ও পরিণত ত্বকে এড়িয়ে চলুন
মুলতানি মাটি ত্বকের প্রাকৃতিক তেল শুষে নেয়। ফলে শুষ্ক ত্বকে এটি ব্যবহার করলে আরও শুষ্কতা, টানটান ভাব ও অস্বস্তি তৈরি হতে পারে। বয়স বাড়ার সঙ্গে ত্বকের আর্দ্রতা কমে গেলে মুলতানি মাটির অতিরিক্ত ব্যবহার ত্বকের স্বাভাবিক আর্দ্রতা ও প্রতিরক্ষামূলক স্তরের ক্ষতি করতে পারে।
বিশেষ করে ঘন ঘন ব্যবহার করা বা মুখে মাটি শুকিয়ে যাওয়া পর্যন্ত রেখে দেওয়া ঠিক নয়। এতে ত্বক অতিরিক্ত শুষ্ক হয়ে যেতে পারে।
কত ঘন ঘন ব্যবহার করবেন?
তৈলাক্ত ত্বকে মুলতানি মাটি প্রায় দুই সপ্তাহে একবার ব্যবহার করা যেতে পারে। ব্যবহারের পর ত্বকে ময়েশ্চারাইজার লাগানো জরুরি। প্রথমবার ব্যবহার করলে ত্বকের ছোট একটি অংশে পরীক্ষা করে নেওয়াও ভালো।
মুলতানি মাটি তৈলাক্ত ভাব কমাতে সহায়ক হতে পারে, কিন্তু ব্রণ বা ব্রণের দাগের চিকিৎসার বিকল্প নয়। ব্রণ দীর্ঘস্থায়ী বা গুরুতর হলে ত্বক বিশেষজ্ঞের পরামর্শ নেওয়াই সবচেয়ে নিরাপদ।




