রাজধানী

‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

ছবি: সংগৃহীত
রাজধানীর ধানমন্ডিতে একটি শপিং মলে অবস্থিত গয়নার দোকানে বড় ধরনের চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে পূরবী জুয়েলার্স নামের দোকানটিতে এ ঘটনা ঘটে। দোকান কর্তৃপক্ষের দাবি, দুর্বৃত্তরা নিরাপত্তাকর্মীদের খাবারের সঙ্গে কিছু মিশিয়ে অচেতন করে প্রায় দুই হাজার ভরি গয়না ও নগদ ১০ থেকে ১২ লাখ টাকা নিয়ে গেছে।

এ ঘটনায় মার্কেট ও দোকানের কয়েকজন নিরাপত্তাকর্মীর সম্পৃক্ততা থাকতে পারে বলে সন্দেহ করছে দোকান কর্তৃপক্ষ। ঘটনার পর থেকে কয়েকজন নিরাপত্তাকর্মী নিখোঁজ রয়েছেন বলেও জানা গেছে।

পূরবী জুয়েলার্সের মালিক অমিত ঘোষ জানান, চুরির ঘটনায় আনুমানিক দুই হাজার ভরি গয়না খোয়া গেছে। এ ছাড়া দোকানে থাকা নগদ ১০ থেকে ১২ লাখ টাকাও নিয়ে গেছে দুর্বৃত্তরা।

দোকানটির জ্যেষ্ঠ বিক্রেতা সঞ্জীব শীল বলেন, ঘটনার পর থেকে কয়েকজন নিরাপত্তাকর্মীর খোঁজ পাওয়া যাচ্ছে না। তাঁদের মধ্যে একজন দোকানের নিজস্ব নিরাপত্তাকর্মী এবং দুজন মার্কেটের নিরাপত্তাকর্মী।

তিনি জানান, নিরাপত্তাকর্মীদের মোরগ পোলাওয়ের সঙ্গে কিছু খাইয়ে অচেতন করা হয়ে থাকতে পারে। এরপর পরিকল্পিতভাবে দোকানে ঢুকে চুরি করা হয়।

সঞ্জীব শীলের ভাষ্য অনুযায়ী, সিসিটিভি ফুটেজে তিন থেকে পাঁচজনকে দোকানের ভেতরে চুরি করতে দেখা গেছে। এ ছাড়া আরও দুজন অপরিচিত ব্যক্তির উপস্থিতি পাওয়া গেছে। ফুটেজে নিখোঁজ নিরাপত্তাকর্মীদের একজনকে বাইরের লোকজনকে দোকানে প্রবেশে সহায়তা করতেও দেখা গেছে। দোকানের ভেতরে ঢোকার পর দুর্বৃত্তদের একজন সিসিটিভি ক্যামেরার সংযোগের তার কেটে দেন।

এদিকে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার শেখ জাহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় পুলিশ কাজ করছে। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

ধানমন্ডি থানার এক কর্মকর্তা জানান, মার্কেটের দুজন নিরাপত্তাকর্মী পলাতক রয়েছেন। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে চারজনকে আটক করা হয়েছে।

চুরির ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত এবং লুট হওয়া গয়না ও টাকা উদ্ধারে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

ক্যাটাগরি