রাঙামাটির সৌন্দর্যে হারিয়ে গেলেন সাদিয়া জাহান প্রভা

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা সম্প্রতি ঘুরে বেড়িয়েছেন রাঙামাটিতে। পাহাড়, কাপ্তাই লেক, নৌকা আর সবুজে ঘেরা প্রকৃতির সৌন্দর্যে মুগ্ধ হয়ে ভ্রমণের বেশ কিছু মুহূর্ত ক্যামেরাবন্দি করেছেন তিনি। পরে সেই ছবিগুলো সামাজিক মাধ্যমে ভক্ত-অনুরাগীদের সঙ্গে শেয়ার করেছেন অভিনেত্রী।
রাঙামাটির পাহাড়ি পরিবেশ ও কাপ্তাই লেকের নীল জল ঘিরে প্রভার প্রকাশ করা ছবিগুলো ইতোমধ্যে নজর কেড়েছে। কোথাও নৌকায়, কোথাও পাহাড়ের সৌন্দর্যের মাঝে দেখা গেছে অভিনেত্রীকে।
ছবির ক্যাপশনে প্রভা লিখেছেন, ‘পাহাড়, লেক, একটি সুন্দর নৌকা, আমাদের খুনসুটি আর একটু জাদুর মাঝে কোথাও যেন হারিয়ে গিয়েছিলাম। রাঙামাটি ছিল ভীষণ সুন্দর।’
অভিনেত্রীর এই ক্যাপশনেই ফুটে উঠেছে রাঙামাটির প্রকৃতির প্রতি তাঁর মুগ্ধতার কথা। পাহাড় ও লেকের মিতালি, নৌকার দুলুনি এবং নির্মল পরিবেশে ব্যস্ত জীবনের বাইরে কিছুটা সময় উপভোগ করেছেন তিনি।

রাঙামাটির সৌন্দর্যের সঙ্গে দেশের জনপ্রিয় গান ‘রাঙা মাটির রঙে চোখ জুড়ালো’-এর আবহও যেন মিলে যায়। নিয়াজ মোহাম্মদ চৌধুরীর গাওয়া গানটির কথা লিখেছেন মনিরুজ্জামান মনির এবং সুর করেছেন আলাউদ্দিন আলী।
গানের কথায় রাঙামাটির পাহাড়, লেক ও সাম্পান মাঝির গানের যে মায়া উঠে এসেছে, প্রভার ভ্রমণের ছবিতেও যেন তারই প্রতিফলন দেখা গেছে।
সামাজিক মাধ্যমে প্রভার শেয়ার করা ছবিগুলোতে প্রকৃতির মাঝে তাঁর স্বচ্ছন্দ উপস্থিতি ভক্তদেরও নজর কেড়েছে। ছবিগুলোতে রাঙামাটির পাহাড়-লেকের সৌন্দর্যের পাশাপাশি অভিনেত্রীর ভ্রমণ উপভোগের মুহূর্তগুলোও ধরা পড়েছে।



