বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয়

রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভূমিকম্প অনুভূত

ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। রবিবার (৭ জুন) রাত ১১টা ৩৫ মিনিটের পর এই ভূমিকম্প হয়। তাৎক্ষণিকভাবে এতে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

প্রাথমিকভাবে ভূমিকম্পটির মাত্রা রিখটার স্কেলে ৫ দশমিক ৭ বলে ধারণা করা হচ্ছে। এর কেন্দ্রস্থল ছিল প্রতিবেশী দেশ ভূটানের পুনাখা শহরের কাছাকাছি, প্রায় ৭ কিলোমিটার দূরে। ভূগর্ভে সৃষ্ট এ কম্পনের প্রভাব শুধু ভূটানেই সীমাবদ্ধ থাকেনি; আশপাশের বিস্তীর্ণ এলাকাও কেঁপে ওঠে।

প্রাথমিক প্রতিবেদনে জানা গেছে, বাংলাদেশ, ভারত, নেপাল, ভূটান এবং চীনের বিভিন্ন অঞ্চলে এই ভূমিকম্প অনুভূত হয়েছে। হঠাৎ গভীর রাতের এই কম্পনে অনেক মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। তবে তাৎক্ষণিকভাবে কোথাও বড় ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা জানান, দেশের মধ্যে রংপুর বিভাগে কম্পন তুলনামূলক বেশি অনুভূত হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো বড় ধরনের দুর্ঘটনা বা বিপর্যয়ের তথ্য পাওয়া যায়নি এবং বিষয়টি পর্যবেক্ষণে রাখা হয়েছে।

এদিকে ভূমিকম্পের কম্পন সবচেয়ে স্পষ্টভাবে অনুভূত হয়েছে ঠাকুরগাঁও ও সিলেটসহ দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের কয়েকটি এলাকায়। রাত ১১টা ৩৬ মিনিট থেকে ১১টা ৩৮ মিনিটের মধ্যে কয়েক সেকেন্ড স্থায়ী এ ঝাঁকুনিতে বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঘটনার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ভূমিকম্প নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। অনেকেই নিজেদের অভিজ্ঞতা শেয়ার করে পোস্ট দেন। দেশের অন্য কোথাও উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।

ক্যাটাগরি