রাত ৮টার পর ২২.৬০ কোটি টাকা লেনদেন: ন্যাশনাল ব্যাংকের ১৬ কর্মকর্তাকে দুদকের তলব

কর্মঘণ্টা শেষ হওয়ার পর ন্যাশনাল ব্যাংকের একটি শাখা থেকে ২২ কোটি ৬০ লাখ টাকা উত্তোলনের অভিযোগ অনুসন্ধানে ব্যাংকটির ১৬ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের প্রধান কার্যালয় থেকে সম্প্রতি পাঠানো চিঠিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের ৪ আগস্ট সশরীরে হাজির হয়ে বক্তব্য দিতে বলা হয়েছে। দুদকের উপপরিচালক মো. মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত চিঠির সূত্রে সোমবার (৩ আগস্ট) এ তথ্য জানা গেছে।
দুদক জানায়, মেসার্স ইমপ্যাক্ট কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেডের নামে অবৈধভাবে অর্থ উত্তোলনের অভিযোগের বিষয়ে অনুসন্ধান চলছে। এ ঘটনায় তলব করা ব্যক্তিদের মধ্যে ন্যাশনাল ব্যাংকের দিলকুশা, বনানী ও অন্যান্য শাখার একাধিক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (এসভিপি), এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (ইভিপি), ভাইস প্রেসিডেন্ট (ভিপি), শাখা ব্যবস্থাপক ও কোম্পানি সেক্রেটারিসহ মোট ১৬ জন কর্মকর্তা রয়েছেন।
দুদক সূত্রে জানা যায়, ২০২২ সালের ২৮ ডিসেম্বর ন্যাশনাল ব্যাংকের গুলশান করপোরেট শাখা থেকে কর্মঘণ্টা শেষে রাত ৮টা ২৩ মিনিট থেকে ৯টা ৪ মিনিটের মধ্যে নগদ ২২ কোটি ৬০ লাখ টাকা উত্তোলন করা হয়। অভিযোগ অনুযায়ী, ওই অর্থ ব্যাংকটির পরিচালনা পর্ষদে ঋণ নবায়নের অনুমোদনের পরপরই গ্রাহকের কাছে হস্তান্তর করা হয়।
পরে বিষয়টি আদালতের নজরে এলে ২০২৩ সালের ২০ ফেব্রুয়ারি হাইকোর্ট গুলশান করপোরেট শাখার ব্যবস্থাপকের কাছে এ লেনদেনের ব্যাখ্যা তলব করেন এবং ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন। আদালতের সেই নির্দেশনার পরিপ্রেক্ষিতেই দুদক অনুসন্ধান শুরু করে।
অনুসন্ধানের অংশ হিসেবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্য, নথিপত্র এবং লেনদেন-সংক্রান্ত তথ্য যাচাই করে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে দুদক।




