সারাদেশ

রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেলপথ অবরোধ, রাজশাহীর সঙ্গে ট্রেন চলাচল বন্ধ

ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে ট্রেনে মারধরের অভিযোগের প্রতিবাদে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। এতে রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে।

মঙ্গলবার (২১ জুলাই) সকাল ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদসংলগ্ন রেললাইনে অবস্থান নেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। অবরোধের কারণে রাজশাহী রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে এবং কয়েকটি ট্রেন নির্ধারিত স্টেশনে আটকে আছে।

আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি, বিশ্ববিদ্যালয়ের পরিচয় জানার পরও এক শিক্ষার্থীকে মারধর করা হয়েছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অভিযুক্ত টিটিই সুমনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং তাকে শিক্ষার্থীদের সামনে হাজির না করা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

একজন আন্দোলনকারী শিক্ষার্থী বলেন, “আজ আমরা এর প্রতিবাদ না করলে ভবিষ্যতে যেকোনো সাধারণ যাত্রী বা শিক্ষার্থী একই ধরনের নির্যাতনের শিকার হতে পারেন।” তবে অবরোধের কারণে যাত্রীদের সাময়িক ভোগান্তির জন্য দুঃখও প্রকাশ করেন তারা।

এদিকে, পরিস্থিতি স্বাভাবিক করতে রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে শিক্ষার্থীদের আলোচনা চলছে। তবে শিক্ষার্থীরা জানিয়েছেন, তাদের দাবির বিষয়ে দৃশ্যমান পদক্ষেপ না নেওয়া পর্যন্ত তারা রেললাইন ছাড়বেন না।

অন্যদিকে, এ ঘটনায় রেলওয়ে কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য এখনো পাওয়া যায়নি। পরিস্থিতি স্বাভাবিক করতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে।

ক্যাটাগরি