রিহ্যাব সদস্যদের জন্য ইবনে সিনায় স্বাস্থ্যসেবায় ৩৫% পর্যন্ত ছাড়

আবাসন খাতের উদ্যোক্তা, কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের জন্য সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) এবং ইবনে সিনা ট্রাস্টের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) ঢাকায় রিহ্যাবের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে রিহ্যাবের প্রেসিডেন্ট ড. আলী আফজাল এবং ইবনে সিনা ট্রাস্টের এক্সিকিউটিভ ডিরেক্টর মো. ফয়েজ উল্যাহ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তির আওতায় রিহ্যাবের সদস্য, সদস্য প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, রিহ্যাব সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং তাদের আইনগত নির্ভরশীলরা দেশের সব ইবনে সিনা হাসপাতাল, ডায়াগনস্টিক ও সংশ্লিষ্ট ইউনিটে বিভিন্ন স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ ৩৫ শতাংশ পর্যন্ত মূল্যছাড় পাবেন।
এই সুবিধার মধ্যে রয়েছে প্যাথলজিক্যাল পরীক্ষা, পিসিআর টেস্ট, বিশেষায়িত ল্যাব পরীক্ষা এবং অধিকাংশ রেডিওলজি ও ইমেজিং সেবায় ছাড়। এছাড়া বিশেষ মূল্যে কমপ্রিহেনসিভ হেলথ চেকআপ ও কার্ডিয়াক হেলথ চেকআপ প্যাকেজ গ্রহণের সুযোগও থাকবে।
রিহ্যাবের প্রেসিডেন্ট ড. আলী আফজাল বলেন, আবাসন শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ২ কোটি মানুষ যুক্ত। তাদের জন্য মানসম্মত ও সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিত করা গেলে কর্মদক্ষতা বৃদ্ধি ও সামাজিক নিরাপত্তা জোরদার হবে।
ইবনে সিনা ট্রাস্টের এক্সিকিউটিভ ডিরেক্টর মো. ফয়েজ উল্যাহ বলেন, রিহ্যাবের সঙ্গে এই অংশীদারিত্বের মাধ্যমে আবাসন খাতের বৃহৎ জনগোষ্ঠীর কাছে উন্নত স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য ও সাশ্রয়ী হবে। প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা মানুষের সুস্থ জীবন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি উল্লেখ করেন।
দুই বছর মেয়াদি এই সমঝোতা স্মারক পারস্পরিক সম্মতির ভিত্তিতে নবায়ন করা যাবে। অনুষ্ঠানে রিহ্যাব ও ইবনে সিনা ট্রাস্টের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উভয় প্রতিষ্ঠান এই অংশীদারিত্বকে করপোরেট কল্যাণ ও স্বাস্থ্যসেবা সম্প্রসারণে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে উল্লেখ করেছে।




