রোনালদোর বিয়ে দেখতে ভিড়, শেষ পর্যন্ত বিয়ে করলেন অন্য জুটি

পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো ও তাঁর দীর্ঘদিনের সঙ্গী জর্জিনা রদ্রিগেজের বিয়ের গুঞ্জনে পর্তুগালের মাদেইরার ফুনশাল ক্যাথেড্রালের সামনে ভিড় করেছিলেন শত শত মানুষ। তবে শেষ পর্যন্ত সেখানে রোনালদো-জর্জিনার নয়, বিয়ে হয়েছে নিকোল ও ফাবিও নামের এক জুটির।
শনিবার স্থানীয় সময় বিকেলে রোনালদোর বিয়ে দেখার আশায় ক্যামেরা ও মুঠোফোন হাতে ক্যাথেড্রালের সামনে জড়ো হন সাংবাদিক, পর্যটক ও কৌতূহলী মানুষ। ইউরোপের কয়েকটি সংবাদমাধ্যমে রোনালদো ও জর্জিনার বিয়ের তারিখ ও স্থান নিয়ে খবর প্রকাশের পরই সেখানে ভিড় বাড়তে থাকে।
কিছুক্ষণ পর কনে নিকোলকে ক্যাথেড্রালে প্রবেশ করতে দেখে উপস্থিত সবাই বুঝতে পারেন, রোনালদো-জর্জিনার বিয়ের খবরটি সঠিক নয়। ওই দিন নিকোল ও ফাবিওর বিয়ের অনুষ্ঠানই সেখানে অনুষ্ঠিত হয়।
ফুনশাল ক্যাথেড্রাল কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে নিকোল ও ফাবিওকে অভিনন্দন জানিয়ে জানায়, রোনালদোর বিয়ের গুঞ্জনের কারণে ক্যাথেড্রালের বাইরে বিপুলসংখ্যক সাংবাদিক ও পর্যটকের সমাগম হয়েছিল। ভিড়ের কারণে নিকোলের গির্জায় প্রবেশ করতেও সমস্যায় পড়তে হয়। এমন পরিস্থিতি তারা আগে কখনো দেখেনি বলেও জানায় কর্তৃপক্ষ।
এই গুঞ্জনের সূত্র ছিল ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সানের একটি প্রতিবেদন। সেখানে দাবি করা হয়েছিল, শনিবার মাদেইরায় রোনালদো ও জর্জিনার বিয়ে হবে। অনুষ্ঠানস্থল, সময় ও সম্ভাব্য অতিথিদের নিয়েও প্রতিবেদনে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়। পরে আরও কয়েকটি সংবাদমাধ্যমেও একই ধরনের খবর প্রকাশিত হয়।
তবে রোনালদোর পরিবারের পক্ষ থেকে গুঞ্জনটি নাকচ করা হয়। তাঁর বোন এলমা আভেইরো প্রশ্ন তোলেন, রোনালদো নিজে বিয়ের ঘোষণা না দিলে কেন সবাই ধরে নিচ্ছেন যে তাঁদের বিয়ে হচ্ছে।
রোনালদোও বিষয়টি নিয়ে মজা করেছেন। ক্যাথেড্রালের বাইরে মানুষের ভিড়ের ছবি দেখে সামাজিক যোগাযোগমাধ্যমে হাসির প্রতিক্রিয়া জানান তিনি। জর্জিনাও সেদিন সাধারণ পোশাকে নিজের ছবি প্রকাশ করে বিয়ের আয়োজন না থাকার ইঙ্গিত দেন।
তবে রোনালদো ও জর্জিনার বিয়ের পরিকল্পনা যে নেই, তা নয়। গত বছরের আগস্টে তাঁদের বাগ্দান হয়। কিন্তু বিয়ের তারিখ বা অনুষ্ঠান নিয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি তাঁরা।
অন্যদিকে, গুজবের কারণে নিকোল ও ফাবিওর বিয়েটি হয়ে উঠেছে ব্যতিক্রমী। নিজেদের বিয়ের অতিথিদের পাশাপাশি রোনালদোর বিয়ে দেখতে আসা শত শত অপরিচিত মানুষও সেদিন তাঁদের বিয়ের সাক্ষী হন।
এফ বার্তা/ এইচ



