শিক্ষা

শাহবাগে দেড় ঘণ্টা অবরোধের পর সরে গেলেন শিক্ষার্থীরা, শিক্ষামন্ত্রীর পদত্যাগে আলটিমেটাম

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় দেড় ঘণ্টা অবরোধের পর কর্মসূচি স্থগিত করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। বুধবার সন্ধ্যা ৬টা থেকে শুরু হওয়া অবরোধের কারণে শাহবাগসহ আশপাশের গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।

আন্দোলনকারীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ করেন। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কর্মসূচি স্থগিত ঘোষণা করে সড়ক ছেড়ে যান তারা।

অবরোধের প্রভাবে শাহবাগ, মৎস্য ভবন, বাংলামোটর, কাকরাইল, টিএসসি, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও আশপাশের সড়কগুলোতে দীর্ঘ যানজট দেখা দেয়। অফিসফেরত যাত্রী, রোগীবাহী যানবাহন এবং সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েন। অনেককে যানজট এড়িয়ে হেঁটে গন্তব্যে যেতে দেখা যায়।

আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষে ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থী রাহাত আহমেদ বলেন, “রাস্তা বন্ধ থাকায় মানুষের ভোগান্তি হচ্ছে। আমরা ভোগান্তি চাই না। তাই বুধবারের মতো কর্মসূচি স্থগিত করছি। তবে দাবি একটাই—শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে।”

তিনি আরও বলেন, বুধবার রাত ১০টার মধ্যে শিক্ষামন্ত্রী পদত্যাগ না করলে বৃহস্পতিবার সকাল ১০টায় রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড় থেকে ‘লং মার্চ টু সচিবালয়’ কর্মসূচি পালন করা হবে।

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) আনিসুর রহমান বলেন, শিক্ষার্থীদের অবরোধের কারণে ঢাকার বেশ কয়েকটি সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং আশপাশের সড়কগুলোতেও যানজটের সৃষ্টি হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করেছে।

ক্যাটাগরি