ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশবঞ্চিতদের ২ দফা দাবিতে সমাবেশ ও বিক্ষোভ

১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ কিন্তু সুপারিশবঞ্চিত প্রার্থীরা সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। ৬ ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশ বঞ্চিত প্রার্থীগণ এ আন্দোলন করে। বিক্ষোভ সমাবেশ পরবর্তী এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। সোমবার (১৭ নভেম্বর) সকাল থেকে এনটিআরসিএ ভবনের সামনে দু’দফা দাবিতে এ কর্মসূচি পালন করেন চাকরিপ্রার্থীরা।
সংবাদ সম্মেলনে আন্দোলনকারীদের মধ্যে মোঃ খোরশেদ আলম জানান, চুড়ান্তভাবে উত্তীর্ণ ও সুপারিশ বঞ্চিত ১৬ হাজার ২ শত ১৩ জন প্রার্থীর জন্য ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত শূন্য পদ যুক্ত করে বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগের দাবি মেনে নেয়ার পরও এনটিআরসিএ বাস্তবায়নে গড়িমসি করছে।
আন্দোলনকারীদের প্রত্যাশিত দাবি দুটি হলো:
১. ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত শুন্যপদ যুক্ত করে ষষ্ঠ নিয়োগ বিজ্ঞপ্তিতে সুপারিশ বঞ্চিত ১৬ হাজার ২ শতশত ১৩ জন প্রার্থীর নিয়োগের লক্ষ্যে বিষয় ভিত্তিক তথ্য বিশ্লেষণ করে প্রয়োজন অনুযায়ী শুন্য পদ সংযোজন করে এবং প্রাতিষ্ঠানিক বাধা উন্মুক্ত করে ৪ জুন থেকে বয়স ধরে ডিসেম্বরের ১ম সপ্তাহে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে।
২. ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশ প্রাপ্ত সকল প্রার্থীর রোল নম্বর ব্লকে করে বিশেষ গণবিজ্ঞপ্তিতে শুধু সুপারিশ বঞ্চিত ১৬ হাজার ২ শতশত ১৩ জন প্রার্থীর আবেদনের সুযোগ দিতে হবে।
আন্দোলনকারীদের একজন মো. ইমরান বলেন, ‘মেধা ও যোগ্যতার প্রমাণ দিয়েও চূড়ান্ত নিয়োগ না পাওয়ায় আমরা এখন প্রচণ্ড হতাশা, মানসিক চাপসহ পারিবারিক ও সামাজিক নিগ্রহের শিকার।
এ রিপোর্ট লেখা পর্যন্ত আন্দোলনকারী মোঃ খোরশেদ আলম জানান,আন্দোলনকারীরা এনটিআরসিএ’র অফিস ভবনের নীচেই রাতে অবস্থান নিয়েছে। সকাল থেকে আবার আন্দোলন চালিয়ে যাবেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন বলে তারা জানিয়েছেন। তবে এপর্যন্ত কর্তৃপক্ষের কেউই তাদের সাথে কোনো যোগাযোগ করেনি বলেও জানান।
এ ব্যাপারে এনটিআরসিএ’র কর্তৃপক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।



