সারাদেশ

সন্তান জন্মের এক মাস আগে ডেঙ্গুতে প্রাণ গেল কলেজছাত্রীর

নূর জাহান। ছবি: সংগৃহীত

সন্তান জন্মের আর মাত্র এক মাস বাকি ছিল। এর মধ্যেই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থী নূর জাহান। মৃত্যুর সময় তিনি ৯ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।

বুধবার (১৬ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নূর জাহান ২০২৩-২৪ শিক্ষাবর্ষে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের বাংলা বিভাগে পড়াশোনা করতেন।

নূর জাহানের স্বামী জোবায়ের হোসেন। তাদের বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলার মোছাগাড়া গ্রামে। পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় দেড় বছর আগে তাদের বিয়ে হয়। নূর জাহান ৯ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন এবং আগামী মাসে তাদের সন্তান জন্ম নেওয়ার কথা ছিল।

জোবায়ের হোসেন জানান, শুক্রবার নূর জাহানের সামান্য জ্বর আসে। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে কুমিল্লায় চিকিৎসা নেওয়া হয়। অবস্থার উন্নতি না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে তার মৃত্যু হয়।

নূর জাহানের মৃত্যুতে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে শোকের ছায়া নেমে এসেছে। বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মো. মশিউর রহমান ভূঞা বলেন, নূর জাহান ভদ্র ও মেধাবী ছাত্রী ছিলেন। পড়াশোনার পাশাপাশি বিভাগের বিভিন্ন অনুষ্ঠানেও তিনি অংশ নিতেন।

কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবুল বাসার ভুইয়া বলেন, একজন মেধাবী ছাত্রীর অকালমৃত্যু অত্যন্ত দুঃখজনক। কলেজ পরিবার তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছে।

বুধবার বাদ জোহর নূর জাহানের গ্রামের বাড়িতে তার জানাজা অনুষ্ঠিত হয়। এতে কলেজের শিক্ষকদের একটি প্রতিনিধিদল অংশ নেয়।

ক্যাটাগরি