সন্তান জন্মের পর শরীর নিয়ে ট্রোলিং, কড়া জবাব পরিণীতি চোপড়ার

সন্তান জন্মের পর নারীদের শরীরের স্বাভাবিক পরিবর্তন ও ওজন বৃদ্ধি নিয়ে কটাক্ষের কড়া জবাব দিয়েছেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। প্রসব-পরবর্তী শরীরের পরিবর্তনকে স্বাভাবিকভাবে গ্রহণ করার আহ্বান জানিয়ে নারী শিল্পীদের বডি-শেমিং ও ট্রোলিংকে ‘একেবারেই অশিক্ষিত মানসিকতা’ বলে মন্তব্য করেছেন তিনি।
২০২৫ সালে ছেলে নীরের মা হওয়ার পর ‘শক: ট্রাস্ট নো ওয়ান’ সিরিজের মাধ্যমে অভিনয়ে ফিরেছেন পরিণীতি। সম্প্রতি ‘জুম’-কে দেওয়া এক সাক্ষাৎকারে গর্ভধারণের পর নারীদের শরীর নিয়ে অতিরিক্ত নজরদারি ও কটাক্ষের প্রবণতা নিয়ে নিজের ক্ষোভের কথা জানান এই অভিনেত্রী।
পরিণীতির প্রশ্ন, জিমে গিয়ে শরীরে পেশির গঠন তৈরি করা কিংবা সমুদ্রসৈকতে গিয়ে ত্বক কালচে বা তামাটে হওয়াকে যদি স্বাভাবিকভাবে দেখা হয়, তাহলে গর্ভধারণের কারণে নারীর শরীরে আসা পরিবর্তনকে কেন ভিন্ন চোখে দেখা হবে?
‘স্ট্রেচমার্ক আমার কাছে সুন্দর’
সন্তান জন্মের পর শরীরে তৈরি হওয়া স্ট্রেচমার্ক নিয়েও ইতিবাচক মনোভাবের কথা জানিয়েছেন পরিণীতি। তিনি বলেন, ‘আমি আমার স্ট্রেচমার্কের দিকে তাকিয়ে ভাবি, একটি সন্তানের জন্ম দেওয়ার কারণেই এটি হয়েছে। আমার কাছে এটি অত্যন্ত সুন্দর। কখন থেকে এবং কীভাবে এই পরিবর্তন নেতিবাচক হয়ে গেল, তা আমার বোধগম্য নয়।’
পরিণীতির মতে, সন্তান জন্ম দেওয়ার পর কোনো নারীর শরীরে স্ট্রেচমার্ক বা ওজন বৃদ্ধিকে কেন্দ্র করে সমালোচনা না করে বরং তাকে অভিনন্দন জানানো উচিত। মাত্র ছয় মাসের মধ্যে একজন নারীকে আগের শারীরিক গঠনে ফিরে যাওয়ার চাপ দেওয়াকেও তিনি অযৌক্তিক বলে মন্তব্য করেন।
ট্রোলারদের ‘ভেলে লগ’ বা অলস মানুষ আখ্যা দিয়ে তাদের মন্তব্যকে গুরুত্ব না দেওয়ার পরামর্শও দিয়েছেন এই অভিনেত্রী।
পুরুষ-নারী শিল্পীদের নিয়ে দ্বিমুখী নীতি
বলিউডে পুরুষ ও নারী অভিনয়শিল্পীদের প্রতি সমাজের দ্বিমুখী দৃষ্টিভঙ্গি নিয়েও প্রশ্ন তুলেছেন পরিণীতি। তার দাবি, বিয়ের পর কোনো নারী অভিনয়শিল্পী অগোছালো বা ‘মেসি’ চরিত্রে অভিনয় করলে তাকে নিয়ে সমালোচনা শুরু হয়। কিন্তু একই ধরনের চরিত্রে পুরুষ শিল্পীদের অভিনয়কে সেভাবে বিচার করা হয় না।
পরিণীতির এই বক্তব্য প্রসব-পরবর্তী সময়ে নারী অভিনয়শিল্পীদের শারীরিক পরিবর্তন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলা ট্রোলিংয়ের বিষয়টিকেও সামনে এনেছে।
ক্যাটরিনার বডি-শেমিং নিয়েও বিতর্ক
সম্প্রতি সন্তান জন্মের পর ওজন বাড়ায় বডি-শেমিংয়ের শিকার হন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফও। আম্বানিদের গণেশ চতুর্থীর অনুষ্ঠানে তার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাকে নিয়ে শুরু হয় নানা ধরনের মন্তব্য ও ট্রোলিং।
তবে সালমান খানসহ বলিউডের কয়েকজন তারকা ক্যাটরিনার পাশে দাঁড়িয়ে ওই সমালোচনার জবাব দেন।
নতুন সিরিজে পরিণীতি
মা হওয়ার পর পরিণীতি চোপড়ার প্রথম কাজ থ্রিলার সিরিজ ‘শক: ট্রাস্ট নো ওয়ান’। ২৪ সেপ্টেম্বর নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে সিরিজটি। এর এক দিন আগে, ২৩ সেপ্টেম্বর ভারতের দিল্লিতে অনুষ্ঠিত হয় সিরিজটির বিশেষ প্রিমিয়ার।
রেনসিল ডি’সিলভা ও সিদ্ধার্থ পি. মালহোত্রার নির্মিত সিরিজটির গল্প ৯ বছর ধরে নিখোঁজ সন্তানকে খুঁজে বেড়ানো এক মাকে ঘিরে। এতে পরিণীতির সঙ্গে অভিনয় করেছেন জেনিফার উইঙ্গেট, তাহির রাজ ভাসিন, সোনি রাজদান ও সুমিত ব্যাস। সূত্র: হিন্দুস্তান টাইমস



