জাতীয়

সরকারের ইউটার্ন: কর্মকর্তাদের গাড়ির রক্ষণাবেক্ষণ ভাতা ৫০ হাজার টাকাই বহাল

সংগৃহীত ছবি

উপসচিব থেকে সচিব পদমর্যাদার সরকারি কর্মকর্তাদের জন্য গাড়ির মাসিক রক্ষণাবেক্ষণ ভাতা ৫০ হাজার টাকা থেকে কমিয়ে ২৫ হাজার করার উদ্যোগ থেকে সরে এসেছে সরকার। ফলে আগের মতোই মাসিক ৫০ হাজার টাকা ভাতা বহাল থাকছে।

অর্থ বিভাগ গত ৯ জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয়কে পাঠানো ভাতা কমানোর প্রস্তাবসংবলিত চিঠি বাতিল করেছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়কে নতুন চিঠি পাঠানো হয়। এতে জানানো হয়েছে, আগের প্রস্তাবের ভিত্তিতে আর কোনো কার্যক্রম গ্রহণ করা হবে না।

এ সিদ্ধান্তের ফলে উপসচিব থেকে সচিব পদমর্যাদার কর্মকর্তা ছাড়াও বিচার বিভাগ, নির্বাচন কমিশন ও সশস্ত্র বাহিনীর প্রাধিকারভুক্ত কর্মকর্তারাও আগের মতো মাসিক ৫০ হাজার টাকা রক্ষণাবেক্ষণ ভাতা পাবেন।

ভাতা কমানোর প্রস্তাব ঘিরে গত এক সপ্তাহ ধরে অর্থ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের মধ্যে একাধিক দফা চিঠি চালাচালি হয়। বিষয়টি নিয়ে প্রশাসনের বিভিন্ন পর্যায়ে অসন্তোষও দেখা দেয়। এ নিয়ে বৃহস্পতিবার বিকেলে একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠক হওয়ার কথা থাকলেও সরকারের নতুন সিদ্ধান্তের কারণে সেটি স্থগিত করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন অনুবিভাগ) মো. রাহেদ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, সিদ্ধান্ত বাতিল হওয়ায় নির্ধারিত বৈঠক আর অনুষ্ঠিত হয়নি।

সরকারি কর্মকর্তাদের ভাষ্য, বর্তমানে একটি ব্যক্তিগত গাড়ির জ্বালানি, চালকের বেতন, রক্ষণাবেক্ষণ ও যন্ত্রাংশসহ মাসিক ব্যয় প্রায় ৬৫ থেকে ৭০ হাজার টাকায় পৌঁছেছে। ফলে ৫০ হাজার টাকার ভাতাও প্রকৃত ব্যয়ের তুলনায় কম। এ অবস্থায় ভাতা অর্ধেকে নামিয়ে আনা হলে অনেক কর্মকর্তার পক্ষে সরকারি সুবিধায় কেনা গাড়ি ব্যবহার করা কঠিন হয়ে পড়ত।

উল্লেখ্য, গত ৯ জুলাই সরকার সরকারি কর্মকর্তাদের ব্যক্তিগত ব্যবহারের জন্য গাড়ি কেনায় ৩০ লাখ টাকা পর্যন্ত সুদমুক্ত ঋণ সুবিধা বন্ধ করে দেয়। একই সময়ে রক্ষণাবেক্ষণ ভাতা কমিয়ে ২৫ হাজার টাকায় নামিয়ে আনার প্রস্তাবও দেওয়া হয়েছিল। তবে শেষ পর্যন্ত সেই সিদ্ধান্ত থেকে সরে এসে আগের ভাতাই বহাল রাখল সরকার।

ক্যাটাগরি