সাউথইস্ট ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক সম্মেলন অনুষ্ঠিত

সাউথইস্ট ব্যাংক পিএলসি’র চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১৫ আগস্ট ২০২৬ আগ্রাবাদ শাখার কনফারেন্স রুমে আয়োজিত এ সম্মেলনে ব্যাংকের ব্যবসায়িক কার্যক্রম, খেলাপি ঋণ আদায় এবং ভবিষ্যৎ প্রবৃদ্ধির কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সম্মেলনে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ খালিদ মাহমুদ খান, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ, উপ-ব্যবস্থাপনা পরিচালক, চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক প্রধান, ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন শাখার শাখা ব্যবস্থাপক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুমোদিত বাজেটের আলোকে জুন ২০২৬ পর্যন্ত চট্টগ্রাম অঞ্চলের ব্যবসায়িক অবস্থান ও কার্যক্রম পর্যালোচনা করা হয়। এ সময় বাজেট অর্জন, খেলাপি ঋণ আদায়, ঋণ আদায়ের কৌশল, শাখাভিত্তিক লক্ষ্যমাত্রা এবং রিটেইল ব্যাংকিং সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
সম্মেলনে হোম লোন, পার্সোনাল লোন ও ক্রেডিট কার্ড ব্যবসা সম্প্রসারণের ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি খেলাপি ঋণ আদায়কে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বাস্তবসম্মত পরিকল্পনা বাস্তবায়ন, ঋণগ্রহীতাদের সঙ্গে যোগাযোগ বাড়ানো এবং প্রয়োজন অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়।
সমাপনী বক্তব্যে মোঃ খালিদ মাহমুদ খান নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা যথাযথভাবে পরিপালন, গ্রাহকসেবার মানোন্নয়ন এবং নতুন গ্রাহক সেগমেন্ট চিহ্নিত করে রিটেইল ব্যাংকিং ব্যবসা বাড়ানোর আহ্বান জানান।
তিনি বলেন, বাজেট ঘাটতি পূরণ, খেলাপি ও অনাদায়ী ঋণ আদায় জোরদার, রিটেইল ব্যাংকিং সম্প্রসারণ এবং স্থিতিশীল ও স্বল্পমূল্যের আমানতের ভিত্তি শক্তিশালী করতে ব্যাংক গুরুত্ব দিচ্ছে। পাশাপাশি ব্যাংকের কৌশলগত লক্ষ্য অর্জনে পেশাদারিত্ব, উদ্ভাবনী চিন্তা, জবাবদিহিতা ও সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
ফিনান্সিয়াল বার্তা /এইচ




