ব্যাংক বীমা

সাউথইস্ট ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত এম. এ. কাশেম

জনাব এম. এ. কাশেম, চেয়ারম্যান, সাউথইস্ট ব্যাংক পিএলসি । ছবি: সংগৃহীত

সাউথইস্ট ব্যাংক পিএলসি.-এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন ব্যাংকটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও উদ্যোক্তা পরিচালক এম. এ. কাশেম।

রোববার (৯ আগস্ট) অনুষ্ঠিত ব্যাংকের পরিচালনা পর্ষদের ৭৯৬তম সভায় পরিচালকদের সর্বসম্মতিক্রমে তাকে পুনরায় চেয়ারম্যান নির্বাচিত করা হয়।

এম. এ. কাশেম সাউথইস্ট ব্যাংক পিএলসি.-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করে আসছেন। ব্যবসা, শিক্ষা ও সমাজসেবায়ও রয়েছে তার দীর্ঘ অভিজ্ঞতা।

তিনি নর্থ সাউথ ইউনিভার্সিটি ট্রাস্টের প্রতিষ্ঠাতা সদস্য এবং বিশ্ববিদ্যালয়টির চেয়ারম্যান হিসেবে চারবার দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি নর্থ সাউথ ইউনিভার্সিটি ফাউন্ডেশনের এন্ডাওমেন্ট কমিটির চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি রোজ কর্নার (প্রাইভেট) লিমিটেডের চেয়ারম্যান।

ব্যবসায়ী সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)-এর সাবেক সভাপতি এম. এ. কাশেম সংগঠনটির সালিসি ট্রাইব্যুনালের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি অ্যাসোসিয়েশন অব প্রাইভেট ইউনিভার্সিটিজ অব বাংলাদেশের (এপিইউবি) সাবেক চেয়ারম্যান।

শিল্প ও ব্যবসায় অবদানের স্বীকৃতি হিসেবে তিনি বিভিন্ন পুরস্কার ও সম্মাননা পেয়েছেন। রপ্তানিতে অবদানের জন্য ১৯৮২-৮৩ ও ১৯৮৩-৮৪ সালে তিনি ‘প্রেসিডেন্ট এক্সপোর্ট ট্রফি’ অর্জন করেন। ১৯৯৫ সালে শিল্প খাতে অবদানের জন্য ‘সিআর দাস স্বর্ণ পদক’ পান। এছাড়া জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) তাকে ২০১১ এবং ২০১৬-১৭ সালে সর্বোচ্চ করদাতা পুরস্কারে ভূষিত করে।

এম. এ. কাশেম বিভিন্ন সময়ে ব্যবসা ও শিক্ষা খাতের একাধিক আন্তর্জাতিক প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়েছেন। ১৯৮৬ সালে তিনি ২০ সদস্যের এফবিসিসিআই বাণিজ্য প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। এছাড়া ১৯৮৫ সালে ইউরোপীয় অর্থনৈতিক সম্প্রদায়ভুক্ত (ইইসি) দেশগুলোতে রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ১২ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডায় ইউএনডিপির পৃষ্ঠপোষকতায় গঠিত পাঁচ সদস্যের সরকারি প্রতিনিধিদলেরও নেতৃত্ব দিয়েছেন তিনি।

শিক্ষা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডেও তার ভূমিকা রয়েছে। নিজ এলাকার শিক্ষার্থীদের শিক্ষার সুযোগ সম্প্রসারণে তিনি এম. কাশেম ট্রাস্ট প্রতিষ্ঠা করেন। ট্রাস্টের উদ্যোগে ফেনীর ছাগলনাইয়ায় ২০ শয্যার ‘তারেক মেমোরিয়াল হাসপাতাল’ প্রতিষ্ঠা করা হয়েছে। পাশাপাশি মেধাবী শিক্ষার্থীদের উপবৃত্তি ও বৃত্তি প্রদান করা হয়।

জনহিতকর কার্যক্রমের অংশ হিসেবে ছাগলনাইয়ার দারোগারহাটে তিনি ‘কাশেম কমপ্লেক্স’ প্রতিষ্ঠা করেছেন। সেখানে মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, পাবলিক কবরস্থান ও প্রশিক্ষণকেন্দ্র রয়েছে। দরিদ্র ও নিঃস্ব মানুষের জন্য সেখানে বিনামূল্যে আবাসনের ব্যবস্থাও করা হয়েছে।

এম. এ. কাশেম দীর্ঘদিন হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াকফ) বাংলাদেশের ট্রাস্টি বোর্ডের সদস্য ছিলেন। এছাড়া তিনি সোসাইটি ফর অ্যাসিসট্যান্ট টু হিয়ারিং ইমপেয়ার্ড চিলড্রেন (সাহিক) ট্রাস্টের সভাপতির দায়িত্ব পালন করেছেন।

ব্যবসা ও সমাজসেবার পাশাপাশি তিনি কুর্মিটোলা গলফ ক্লাব, বারিধারা কসমোপলিটান ক্লাব, গুলশান ক্লাব, রোটারি ক্লাব অব ঢাকা ওয়েস্ট, ন্যাশনাল শুটিং ক্লাব, বাংলাদেশ ডায়াবেটিক অ্যাসোসিয়েশন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি এবং চট্টগ্রাম শিশু হাসপাতালের সঙ্গে যুক্ত রয়েছেন।

ক্যাটাগরি