শিক্ষা

সোমবার প্রকাশ হচ্ছে এসএসসি ও সমমানের ফল, জানা যাবে এসএমএসেও

ছবি : সংগৃহীত

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় প্রকাশ করা হবে। পরীক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, শিক্ষাপ্রতিষ্ঠান এবং মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবেন।

শনিবার (৮ আগস্ট) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. সৈয়দ আক্তারুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সব শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে একযোগে ফল প্রকাশ করা হবে। এ ছাড়া দুটি অভিন্ন ওয়েবসাইট—eduboardresult.gov.bd ও educationboardresults.gov.bd—থেকেও ফল জানা যাবে।

এসএমএসে যেভাবে ফল জানা যাবে

মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে প্রথমে SSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, এরপর রোল নম্বর ও পরীক্ষার বছর লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে।

ঢাকা বোর্ডের ক্ষেত্রে ফরম্যাট হবে: SSC DHA ROLL YEAR
দাখিল পরীক্ষার্থীদের জন্য: SSC MAD ROLL YEAR
কারিগরি বোর্ডের পরীক্ষার্থীদের জন্য: SSC TEC ROLL YEAR

এসএমএস পাঠানোর পর ফিরতি মেসেজে ফল জানিয়ে দেওয়া হবে। প্রতিটি এসএমএসের জন্য ১ টাকা ৩৯ পয়সা চার্জ প্রযোজ্য হবে, যার মধ্যে সব ধরনের কর অন্তর্ভুক্ত রয়েছে।

এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ শিক্ষার্থী ফরম পূরণ করে। এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশ নেয় ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন। দাখিলে ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন এবং এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন পরীক্ষার্থী অংশ নেয়।

ক্যাটাগরি