স্থগিত হলো মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফর

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের বাংলাদেশ সফর আপাতত হচ্ছে না। দেশটির অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতির কারণে ঢাকা ও থাইল্যান্ড সফর স্থগিত করেছেন তিনি।
শনিবার (২৮ নভেম্বর) বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছে দ্য ডেইলি স্টার।
আগামী ৭ ডিসেম্বর দুই দিনের সফরে ঢাকায় আসার কথা ছিল আনোয়ার ইব্রাহিমের। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেওয়ার কথা ছিল তাঁর। বাংলাদেশ সফর শেষে থাইল্যান্ড যাওয়ারও পরিকল্পনা ছিল মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর। তবে অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতির কারণে আপাতত দুটি সফরই স্থগিত করা হয়েছে।
নির্ধারিত বৈঠকে অভিবাসী কর্মী নিয়োগ ও তাঁদের কল্যাণ, বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি এবং প্রতিরক্ষা সহযোগিতাসহ গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ে আলোচনা হওয়ার কথা ছিল। গত ২২ নভেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক প্রজ্ঞাপনে আনোয়ার ইব্রাহিমের সফরসূচি আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছিল।
এর আগে আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে গত জুনে মালয়েশিয়া সফর করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর সেটিই ছিল তাঁর প্রথম সরকারি বিদেশ সফর।
উল্লেখ্য, ২০২৪ সালের ৪ অক্টোবর বাংলাদেশ সফরে এসেছিলেন আনোয়ার ইব্রাহিম। সে সময় তৎকালীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন তিনি।



