হরমুজ প্রণালির দক্ষিণ অংশে দফায় দফায় শক্তিশালী বিস্ফোরণ

কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির দক্ষিণ অংশে বেশ কয়েকটি শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তেলবাহী ট্যাংকার সামুদ্রিক মাইনে আঘাত করার কারণে এসব বিস্ফোরণ ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সামরিক সূত্রের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি। তুর্কি সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সিও এ খবর নিশ্চিত করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, কৌশলগত এই নৌপথের দক্ষিণ অংশে কয়েক মিনিটের ব্যবধানে পর পর বিস্ফোরণগুলো ঘটে। ইরানি সামরিক সূত্রগুলো জানিয়েছে, তেহরানের অনুমোদনহীন নির্ধারিত পথ এড়িয়ে অন্য পথে চলাচল করতে গিয়ে তেলবাহী ট্যাংকারগুলো সেখানে আগে থেকে পেতে রাখা মাইনে আঘাত করে থাকতে পারে।
তবে এই বিস্ফোরণে ঠিক কতটি ট্যাংকার ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলোর পরিচয় কী কিংবা কোনো হতাহত বা চূড়ান্ত আর্থিক ক্ষয়ক্ষতির পরিমাণ কত—সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানা যায়নি।
উল্লেখ্য, হরমুজ প্রণালি ঘিরে মধ্যপ্রাচ্যে চলমান উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই এই ঘটনা ঘটল। এর আগে ইরান স্পষ্টভাবে সতর্কবার্তা দিয়েছিল যে, তেহরানের অনুমতি ছাড়া নির্ধারিত নৌপথের বাইরে কোনো জাহাজ যেন চলাচল না করে।



