হরমুজ প্রণালি খুলতে ইরান-ওমান আলোচনায় অগ্রগতি

হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক করতে ইরান ও ওমানের মধ্যে আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। শিগগিরই এ বিষয়ে একটি সমঝোতা হতে পারে বলে আশা করছে যুক্তরাষ্ট্র।
শুক্রবার (৭ আগস্ট) রয়টার্সকে এক মার্কিন কর্মকর্তা জানান, হরমুজ প্রণালি নিয়ে ইরান ও ওমানের আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে। সমঝোতা হলে প্রণালিটি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচলে বিদ্যমান বাধা কমতে পারে।
মার্কিন ওই কর্মকর্তা বলেন, চুক্তি কার্যকর হওয়ার পর ইরান নিজেদের প্রতিশ্রুতি বাস্তবায়ন করলে দেশটির বন্দরগুলোর ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত অবরোধ তুলে নেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে। তবে ওয়াশিংটনের পদক্ষেপ শর্তসাপেক্ষ থাকবে।
এদিকে আলোচনার মধ্যেই হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আরও কমেছে। রয়টার্সের হিসাবে, চলতি সপ্তাহের সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত মাত্র ৩৩টি জাহাজ প্রণালিটি অতিক্রম করেছে; আগের সপ্তাহের একই সময়ে এ সংখ্যা ছিল ৫০টি। বৃহস্পতিবার মাত্র চারটি জাহাজ হরমুজ অতিক্রম করে।
বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথগুলোর একটি হরমুজ প্রণালি। সংঘাতের কারণে এই নৌপথে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় আন্তর্জাতিক জ্বালানি বাজারেও অনিশ্চয়তা তৈরি হয়েছে।
তবে সম্ভাব্য সমঝোতা নিয়ে এখনো সতর্কতা রয়েছে। জাহাজ চলাচলের নিরাপত্তা, নিষেধাজ্ঞা এবং বীমা-সংক্রান্ত জটিলতার কারণে চুক্তি হলেও বাণিজ্যিক নৌযান চলাচল কত দ্রুত স্বাভাবিক হবে, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।
এফ বার্তা/ এইচ




