হরমুজ প্রণালী খুলতে ওমানের সঙ্গে চুক্তি চূড়ান্ত পর্যায়ে: ইরান

ওমানের সঙ্গে হরমুজ প্রণালীতে নতুন নৌপথ নির্ধারণ নিয়ে একটি চুক্তি চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে ইরান। তবে যুক্তরাষ্ট্রের কিছু শর্ত পূরণ না হওয়া পর্যন্ত গুরুত্বপূর্ণ এই জলপথ পুনরায় খুলে দেওয়া হবে না বলে স্পষ্ট করেছে তেহরান।
রোববার (৯ আগস্ট) ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানান, ইরান ও ওমানের মধ্যে হরমুজ প্রণালী নিয়ে সমঝোতা এখন ‘চূড়ান্ত পর্যায়ে’ রয়েছে। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট কিছু শর্ত পূরণ না হওয়া পর্যন্ত প্রণালীটি চালু করার সিদ্ধান্ত কার্যকর হবে না।
ইরানের বার্তা সংস্থা মেহের নিউজ জানিয়েছে, চুক্তিতে হরমুজ প্রণালী খুলে দেওয়া হলে কোন নৌপথ ব্যবহার করে জাহাজ চলাচল করবে, তার বিস্তারিত উল্লেখ থাকবে। এ বিষয়ে ইরান ও ওমানের মধ্যে আলোচনা চলছে।
এর আগে শুক্রবার এক মার্কিন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছিলেন, ইরান ও ওমানের মধ্যে এ বিষয়ে একটি সমঝোতা প্রায় চূড়ান্ত হয়েছে। ফলে শিগগিরই হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল আবারও শুরু হতে পারে বলে আশা তৈরি হয়েছে।
সরাসরি আলোচনা করছে না ইরান-যুক্তরাষ্ট্র
আরাকচি জানিয়েছেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বর্তমানে সরাসরি কোনো আলোচনা চলছে না। তবে মধ্যস্থতাকারীদের মাধ্যমে দুই দেশের মধ্যে বার্তা আদান-প্রদান হচ্ছে।
তিনি বলেন, ওয়াশিংটন জুনে স্বাক্ষরিত একটি অন্তর্বর্তী চুক্তি লঙ্ঘন না করা পর্যন্ত তেহরানও যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনায় বসবে না।
অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরান পরিস্থিতি নিয়ে ওয়াশিংটন শান্তভাবে এগোচ্ছে। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইরানের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং দেশটি বর্তমানে বড় ধরনের অর্থনৈতিক সংকট ও মূল্যস্ফীতির মধ্যে রয়েছে।
বিশ্ব জ্বালানি বাজারে গুরুত্বপূর্ণ হরমুজ
ইরান ও ওমানের মধ্যবর্তী হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ। এই জলপথ দিয়ে বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) প্রায় এক-পঞ্চমাংশ পরিবহন করা হতো।
ফলে হরমুজ প্রণালী বন্ধ থাকায় আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। প্রণালী দিয়ে নৌযান চলাচল স্বাভাবিক হলে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহের চাপ কিছুটা কমতে পারে বলে আশা করা হচ্ছে।
সূত্র: রয়টার্স
এফ বার্তা/ এইচ




