জাতীয়

১১ জেলায় ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস

ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ দেশের ১১ জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় এসব এলাকায় অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। ফলে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম স্বাক্ষরিত পূর্বাভাসে বলা হয়, দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে।

ঝুঁকিপূর্ণ এলাকাগুলো হলো—ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সম্ভাব্য ঝোড়ো হাওয়া ও বৃষ্টির কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর (পুনশ্চ ১ নম্বর) সতর্ক সংকেত প্রদর্শন করতে হবে।

ফিন্যান্সিয়াল বার্তা/এইচ

ক্যাটাগরি