২০২৭ ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের সূচি প্রকাশ, প্রথম ম্যাচ ইংল্যান্ডের বিপক্ষে

বি’‘ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা; ৮ অক্টোবর উইন্ডহোকে শুরু হবে বিশ্বকাপ অভিযান
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠেয় এই আসরে ‘বি’ গ্রুপে পড়েছে বাংলাদেশ। গ্রুপ পর্বে লাল-সবুজের দলের প্রতিপক্ষ স্বাগতিক দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা ও বাছাইপর্ব পেরিয়ে আসা একটি দল।
আগামী ৮ অক্টোবর নামিবিয়ার রাজধানী উইন্ডহোকে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ।
১২ অক্টোবর কুগোম্পো সিটিতে বাংলাদেশের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। এরপর ডারবানে টানা দুটি ম্যাচ খেলবে টাইগাররা। ১৬ অক্টোবর শ্রীলঙ্কার বিপক্ষে এবং ১৯ অক্টোবর সহ-আয়োজক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।
গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচ ২৩ অক্টোবর। শোয়ানে অনুষ্ঠিত ওই ম্যাচে বাছাইপর্ব পেরিয়ে আসা একটি দলের মুখোমুখি হবে বাংলাদেশ।
শুক্রবার (২ অক্টোবর) কেপটাউনে আয়োজিত বিশ্বকাপের আনুষ্ঠানিক ক্ষণগণনা অনুষ্ঠানে টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করা হয়। একই অনুষ্ঠানে বিশ্বকাপের টিকিটের জন্য ব্যালট প্রক্রিয়াও শুরু হয়েছে।
২০২৭ সালের ২ অক্টোবর থেকে ২১ নভেম্বর পর্যন্ত দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপের ১৪তম আসর। ‘এ’ ও ‘বি’ গ্রুপে ছয়টি করে মোট ১২টি দল সরাসরি গ্রুপ পর্বে খেলবে। এর আগে তিন দলের একটি সুপার সিরিজ অনুষ্ঠিত হবে।
‘এ’ গ্রুপে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার সঙ্গে রয়েছে ভারত, পাকিস্তান, আফগানিস্তান, সহ-আয়োজক জিম্বাবুয়ে এবং বাছাইপর্ব পেরিয়ে আসা একটি দল।
বিশ্বকাপের ১৪তম আসরে তিন দেশের ১২টি ভেন্যুতে মোট ৫৭টি ম্যাচ অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে জোহানেসবার্গে।
গ্রুপ পর্বে বাংলাদেশের সূচি
- ৮ অক্টোবর ২০২৭: ইংল্যান্ড বনাম বাংলাদেশ — উইন্ডহোক
- ১২ অক্টোবর ২০২৭: নিউজিল্যান্ড বনাম বাংলাদেশ — কুগোম্পো সিটি
- ১৬ অক্টোবর ২০২৭: শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ — ডারবান
- ১৯ অক্টোবর ২০২৭: দক্ষিণ আফ্রিকা বনাম বাংলাদেশ — ডারবান
- ২৩ অক্টোবর ২০২৭: বাছাইপর্ব পেরিয়ে আসা দল বনাম বাংলাদেশ — শোয়ানে, ফিনান্সিয়াল বার্তা/ এইচ



