২৫ বছর চাকরি পূর্ণ, ৪৯ পুলিশ পরিদর্শককে বাধ্যতামূলক অবসর

আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) ও পুলিশের গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করা ৪৯ জন পুলিশ পরিদর্শককে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে এসব কর্মকর্তাকে অবসরে পাঠানো হয়েছে। তাদের চাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আদেশটি অবিলম্বে কার্যকর হবে এবং অবসরে যাওয়া কর্মকর্তারা বিধি অনুযায়ী অবসরজনিত সব সুবিধা পাবেন।
বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তাদের তালিকায় আলোচিত পুলিশ কর্মকর্তা বি এম ফরমান আলীও রয়েছেন। তিনি আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। তার বাড়ি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে অবশ্য কোনো কর্মকর্তার বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগের কথা উল্লেখ করা হয়নি। সেখানে সরকারি চাকরি আইন অনুযায়ী চাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ হওয়া এবং জনস্বার্থের বিষয়টি অবসরের কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।
সরকারের এ সিদ্ধান্তের ফলে আওয়ামী লীগ সরকারের সময়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা পুলিশের আরও কয়েকজন কর্মকর্তাকে প্রশাসনিকভাবে সরিয়ে দেওয়ার প্রক্রিয়া অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট মহলে আলোচনা চলছে।




