অর্থনীতি

৭ দিনে দেশে এলো ৭৭ কোটি ৪০ লাখ ডলারের প্রবাসী আয়

ছবি: সংগৃহীত
চলতি অক্টোবর মাসের প্রথম সাত দিনে দেশে ৭৭ কোটি ৪০ লাখ মার্কিন ডলারের প্রবাসী আয় বা রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে দেশীয় মুদ্রায় এর পরিমাণ ৯ হাজার ৫২০ কোটি টাকা।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান রেমিট্যান্সের এই হালনাগাদ তথ্য নিশ্চিত করেছেন।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, শুধু গত বুধবার (৭ অক্টোবর) একদিনেই দেশে প্রবাসী আয় এসেছে এক হাজার ৫৮৬ কোটি ৭০ লাখ টাকা। এর আগের বছর অর্থাৎ গত বছরের অক্টোবরের প্রথম সাত দিনে রেমিট্যান্স এসেছিল ৬৯ কোটি ২০ লাখ ডলার। সেই হিসেবে গত বছরের একই সময়ের তুলনায় এবার রেমিট্যান্স প্রবাহে ১১ দশমিক ৮০ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।
অন্য দিকে চলতি অর্থবছরের প্রথম তিন মাস সাত দিনেই (১ জুলাই থেকে ৭ অক্টোবর পর্যন্ত) দেশে মোট ৯৩৬ কোটি ৬০ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে। গত অর্থবছরের একই সময়ে এই আয়ের পরিমাণ ছিল ৮২৭ কোটি ৮০ লাখ ডলার। অর্থাৎ চলতি অর্থবছরের শুরু থেকেই সামগ্রিকভাবে প্রবাসী আয়ে ১৩ দশমিক ১০ শতাংশ প্রবৃদ্ধি ধরে রেখেছে বাংলাদেশ।

ক্যাটাগরি