বিনোদন

আর্জেন্টিনার সমর্থক তিশার জবাব ভাইরাল, বিয়ে নিয়ে যা বললেন অভিনেত্রী

অভিনেত্রী তানজিন তিশা

বিশ্বকাপ ফুটবল ঘিরে তারকাদের সমর্থন, উদযাপনের ঘোষণা কিংবা মজার প্রতিশ্রুতি নিয়ে সামাজিকমাধ্যমে বরাবরই আলোচনা তৈরি হয়। কেউ প্রিয় দল শিরোপা জিতলে বিশেষ কিছু করার কথা জানান, আবার কেউ ব্যক্তিগত সিদ্ধান্তের সঙ্গেও ফুটবলকে মিলিয়ে ফেলেন। তবে সেই পথে হাঁটতে নারাজ ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা।

আর্জেন্টিনার সমর্থক তিশা জানিয়েছেন, প্রিয় দলের জয়-পরাজয়ের সঙ্গে তার ব্যক্তিগত জীবনের বড় কোনো সিদ্ধান্তের সম্পর্ক নেই। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, আর্জেন্টিনার প্রতি তার ভালোবাসা এসেছে পরিবার থেকে। তার বাবা আর্জেন্টিনার সমর্থক ছিলেন বলেই তিনিও ছোটবেলা থেকে দলটির সমর্থক।

তিশা বলেন, “আমি আর্জেন্টিনা, কারণ আমার বাবা আর্জেন্টিনার সমর্থক ছিলেন। তাই আমিও আর্জেন্টিনা।” তবে বিশ্বকাপ জিতলে বিয়ে করবেন কি না—এমন প্রশ্নের জবাবে তিনি অবাক হয়ে পাল্টা প্রশ্ন করেন, “আর্জেন্টিনার সঙ্গে বিয়ের কী সম্পর্ক?”

অভিনেত্রীর এই মন্তব্য সামাজিকমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। অনেকেই বলছেন, ফুটবলের প্রতি ভালোবাসা ও ব্যক্তিগত জীবনের সিদ্ধান্ত—দুটি সম্পূর্ণ আলাদা বিষয়।

এর আগে চিত্রনায়িকা পরীমণি মজার ছলে জানিয়েছিলেন, আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে তিনি আরেকটি বিয়ে করবেন। সেই মন্তব্যের পর থেকেই আর্জেন্টিনা সমর্থক তারকাদের কাছে এমন প্রশ্ন করা হচ্ছে। তবে তানজিন তিশা স্পষ্ট করে দিলেন, ফুটবল দলের সাফল্য তার ব্যক্তিগত সিদ্ধান্তকে প্রভাবিত করবে না।

ক্যাটাগরি