বিনোদন

শাকিবের প্রিয়তমা নায়িকা ইধিকা পালের নতুন চমক

কলকাতার জনপ্রিয় নায়িকা ইধিকা পাল। ছবি: সংগৃহীত

কলকাতার অভিনেত্রী ইধিকা পাল ঢালিউড সুপারস্টার শাকিব খান–এর বিপরীতে ‘প্রিয়তমা’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে বাংলাদেশেও ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। বড়পর্দায় ব্যস্ত সময় পার করলেও এবার তাকে ঘিরে নতুন আলোচনা শুরু হয়েছে ছোটপর্দায় সম্ভাব্য প্রত্যাবর্তন নিয়ে।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার–এর এক প্রতিবেদনে বলা হয়েছে, আসন্ন মহালয়া উপলক্ষে একটি শীর্ষস্থানীয় বাংলা টেলিভিশন চ্যানেলের ‘মহিষাসুরমর্দিনী’ অনুষ্ঠানে দেবী দুর্গার চরিত্রে দেখা যেতে পারে ইধিকা পালকে। যদিও বিষয়টি নিয়ে অভিনেত্রী বা সংশ্লিষ্ট টেলিভিশন চ্যানেলের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

জানা গেছে, প্রাথমিক পর্যায়ের আলোচনা অনেক দূর এগিয়েছে। তবে ইধিকা নিয়মিত ধারাবাহিক নাটকে ফিরছেন না। বড়পর্দার ব্যস্ততার কারণে আপাতত বিশেষ আয়োজনেই তাকে ছোটপর্দায় দেখা যেতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি।

এদিকে পরিচালক সৃজিত মুখোপাধ্যায়–এর নতুন সিনেমার শুটিংয়েও ব্যস্ত রয়েছেন ইধিকা। পাশাপাশি ‘দেশু ৭’ সিনেমার একটি গানে তার উপস্থিতির খবরও শোনা যাচ্ছে। তবে এসব বিষয়ে এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি এই অভিনেত্রী।

ফলে মহালয়ার বিশেষ অনুষ্ঠানে দেবী দুর্গার রূপে ইধিকা পালের উপস্থিতি নিয়ে জোর আলোচনা থাকলেও, আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত বিষয়টি কেবল সম্ভাবনার পর্যায়েই রয়েছে।

ক্যাটাগরি