আবারও বাড়ল সোনার দাম, ভরিতে সর্বোচ্চ ২ হাজার ১৫৮ টাকা

দেশের বাজারে আবারও সোনার দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভ্যাটসহ বিভিন্ন মানের স্বর্ণালঙ্কারের দাম প্রতি ভরিতে সর্বোচ্চ ২ হাজার ১৫৮ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। শনিবার (১৫ আগস্ট) সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে।
বাজুস জানিয়েছে, শনিবার সকাল ৯টায় সংগঠনটির মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে সোনার নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।
নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম ভ্যাটসহ ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকা। আগের দাম ছিল ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা। অর্থাৎ ভরিতে দাম বেড়েছে ২ হাজার ১৫৮ টাকা।
এ ছাড়া ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ২৬ হাজার ১৬৫ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৯৪ হাজার ২০৬ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম ১ লাখ ৫৮ হাজার ৬৩০ টাকা নির্ধারণ করা হয়েছে।
তবে সোনার দাম বাড়লেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৫ হাজার ৭৪ টাকা। ২১ ক্যারেটের রুপা ৪ হাজার ৮৪১ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ২০০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ১৪৯ টাকা দরে বিক্রি হচ্ছে।
নতুন মূল্য কার্যকর হওয়ায় দেশের বাজারে স্বর্ণালঙ্কার কিনতে গ্রাহকদের আগের তুলনায় বেশি অর্থ ব্যয় করতে হবে।
এফ বার্তা /এইচ



