ঈদে মিলাদুন্নবী (সা.) আজ, দেশজুড়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যে উদযাপন

আজ ১২ রবিউল আউয়াল, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের স্মরণে দিনটি বিশ্বের মুসলিম সম্প্রদায়ের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বাংলাদেশেও যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে দিবসটি পালিত হচ্ছে।
দিবসটি উপলক্ষে আজ সরকারি ছুটি রয়েছে। সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও সশস্ত্র বাহিনীর স্থাপনাগুলোতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও স্থাপনাও সাজানো হয়েছে জাতীয় পতাকা এবং কালিমা তায়্যিবাখচিত ব্যানারে।
ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ধর্মপ্রাণ মুসলমানরা কোরআন তিলাওয়াত, দরুদ পাঠ, দান-খয়রাত ও নফল ইবাদতের মাধ্যমে দিনটি পালন করছেন। দেশের বিভিন্ন মসজিদ ও ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ আলোচনা, মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী পৃথক বাণী দিয়েছেন। তাঁরা মহানবী (সা.)-এর জীবনাদর্শ অনুসরণ করে শান্তি, সম্প্রীতি, মানবিকতা ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের আহ্বান জানিয়েছেন।
ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে দিবসটি উপলক্ষে ১৫ দিনব্যাপী বিশেষ কর্মসূচি নেওয়া হয়েছে। বায়তুল মোকাররম জাতীয় মসজিদে প্রতিদিন বাদ মাগরিব ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে দেশের বিশিষ্ট আলেম-ওলামারা মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ নিয়ে আলোচনা করবেন।
এ ছাড়া সিরাত স্মরণিকা প্রকাশ, কিরাত, হামদ-নাত মাহফিল, সেমিনার, কবিতা পাঠ, ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা, ক্যালিগ্রাফি প্রদর্শনী এবং জাতীয় মসজিদ প্রাঙ্গণে ইসলামী বইমেলার আয়োজন করা হয়েছে।
মহানবী (সা.)-এর আদর্শ ও মানবিক মূল্যবোধ অনুসরণের মধ্য দিয়ে শান্তি, সৌহার্দ্য ও সম্প্রীতি প্রতিষ্ঠার প্রত্যয় নিয়ে ধর্মীয় মর্যাদায় পালিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)।
ফিন্যান্সিয়াল বার্তা/এইচ



