বিনোদন

সিডনিতে এক ফ্রেমে তাসকিন-শাবনূর, কেন একসঙ্গে দুই তারকা?

ছবি: সংগৃহীত

ক্রিকেট মাঠে নয়, অস্ট্রেলিয়ার সিডনিতে পারিবারিক এক আয়োজনে একসঙ্গে দেখা গেল জাতীয় ক্রিকেট দলের পেসার তাসকিন আহমেদ ও ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শাবনূরকে। দুই ভিন্ন অঙ্গনের এই দুই তারকার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পর তা নিয়ে ভক্তদের মধ্যে তৈরি হয়েছে আগ্রহ।

শনিবার (৫ সেপ্টেম্বর) তাসকিন আহমেদ নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে শাবনূরের সঙ্গে তোলা একটি ছবি প্রকাশ করেন। ছবিতে দুজনকেই হাস্যোজ্জ্বল অবস্থায় দেখা যায়।

তাসকিন জানান, অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের সিডনিতে শাবনূরের ভাইয়ের বাসায় পরিবারের সদস্যদের সঙ্গে বারবিকিউ পার্টিতে অংশ নিয়েছেন তিনি। শাবনূর ও তার পরিবারের আতিথেয়তার জন্য কৃতজ্ঞতাও প্রকাশ করেন এই ক্রিকেটার।

এর আগে শাবনূরও সামাজিক যোগাযোগমাধ্যমে তাসকিনের সঙ্গে কাটানো সময়ের কয়েকটি মুহূর্ত শেয়ার করেন। তিনি জানান, ভাইয়ের বাসায় পরিবারের সদস্যদের সঙ্গে প্রিয় ক্রিকেটার তাসকিন আহমেদের সঙ্গে বারবিকিউ পার্টিতে দারুণ সময় কেটেছে।

শাবনূর তাসকিন ও তার পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তার ক্রিকেটীয় অবদানের প্রশংসা করেন। বাংলাদেশের ক্রিকেটে তাসকিনকে দেশের গর্ব ও বর্তমান সময়ের অন্যতম সেরা ক্রিকেটার হিসেবে উল্লেখ করে তার আরও সাফল্য কামনা করেন অভিনেত্রী।

অন্যদিকে, তাসকিনও শাবনূরকে ‘আপু’ সম্বোধন করে তাদের সঙ্গে কাটানো সময়ের কথা জানান।

দুই তারকার পোস্ট প্রকাশের পর ভক্ত-অনুরাগীরা নানা মন্তব্য করেন। কেউ ছবিটির প্রশংসা করেছেন, আবার কেউ তাদের একসঙ্গে দেখে শুভেচ্ছা জানিয়েছেন।

ক্রিকেটার তাসকিন আহমেদ ও অভিনেত্রী শাবনূর নিজ নিজ অঙ্গনে দীর্ঘদিন ধরে জনপ্রিয়। তাই সিডনির একটি পারিবারিক আয়োজনে তাদের এক ফ্রেমে দেখা যাওয়ার বিষয়টি স্বাভাবিকভাবেই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে।

ফিন্যান্সিয়াল বার্তা/এইচ

ক্যাটাগরি