ধর্ম

কাতার থেকে ২০২৭ সালের হজ নিবন্ধন শুরু ২০ সেপ্টেম্বর

কাতার থেকে ২০২৭ সালের হজ পালনে আগ্রহীদের জন্য নিবন্ধনের সময়সূচি ঘোষণা করেছে দেশটির আওকাফ ও ইসলামিক বিষয়ক মন্ত্রণালয়। আগামী ২০ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ২০ অক্টোবর ২০২৬ পর্যন্ত অনলাইনে নিবন্ধন করা যাবে।

মন্ত্রণালয়ের হজ পোর্টালের মাধ্যমে আবেদন করতে পারবেন আগ্রহীরা। আসন্ন ১৪৪৮ হিজরি হজ মৌসুমে কাতারের জন্য মোট ৪ হাজার ৪০০ জনের কোটা নির্ধারণ করা হয়েছে।

হজ ও ওমরাহ বিষয়ক বিভাগের পরিচালক আলি সুলতান আল-মুসাইফ্রি জানান, আগাম নিবন্ধনের ফলে হজ পরিচালনাকারী কাফেলাগুলো আগে থেকেই প্রয়োজনীয় প্রস্তুতি ও চুক্তি সম্পন্ন করতে পারে। এতে হজযাত্রীদের সেবার মানও বাড়ে।

কাতারি নাগরিকদের আবেদনের ক্ষেত্রে বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে। একজন প্রধান আবেদনকারী সর্বোচ্চ তিনজন সঙ্গী যুক্ত করতে পারবেন। অন্যদিকে প্রবাসী ও জিসিসি নাগরিকদের বয়স কমপক্ষে ৪৫ বছর হতে হবে এবং আগে হজ পালন করা যাবে না। প্রবাসীদের কাতারে টানা অন্তত ১৫ বছর বসবাসের প্রমাণ থাকতে হবে এবং তারা সর্বোচ্চ একজন সঙ্গী নিতে পারবেন।

নিবন্ধন সম্পন্ন হওয়ার পর ইলেকট্রনিক পদ্ধতিতে ডাউন পেমেন্ট দিতে হবে। মন্ত্রণালয় জানিয়েছে, এটি আলাদা কোনো রেজিস্ট্রেশন ফি নয়; চূড়ান্ত হজ প্যাকেজের মূল্যের অংশ হিসেবে গণ্য হবে।

নিবন্ধনের পর আবেদনকারীদের ইলেকট্রনিক স্ক্রিনিং করা হবে। অক্টোবরের শেষ দিকে সফল আবেদনকারীদের মোবাইলে এসএমএসের মাধ্যমে অনুমোদনের তথ্য পাঠানোর কথা রয়েছে।

হজযাত্রীদের মেডিকেল ফিটনেস সার্টিফিকেট নেওয়াও বাধ্যতামূলক করা হয়েছে। স্বাস্থ্য পরীক্ষা শেষে এর ফলাফল ইলেকট্রনিক ব্যবস্থায় স্বয়ংক্রিয়ভাবে হজ ও ওমরাহ বিভাগের সঙ্গে যুক্ত হবে। মন্ত্রণালয়ের অনুমোদিত কাফেলাগুলোর তালিকা ও নিবন্ধনসংক্রান্ত নির্দেশনাও অনলাইনে পাওয়া যাবে।

ক্যাটাগরি