নটর ডেম কলেজের একাদশের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, সোমবার থেকে মৌখিক

নটর ডেম কলেজের ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় কলেজের ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের আজ সোমবার থেকে মৌখিক পরীক্ষা নেওয়া হবে।
বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের প্রার্থীদের এসএসসি পরীক্ষার জিপিএ এবং ভর্তি পরীক্ষার লিখিত ফলের ভিত্তিতে মৌখিক পরীক্ষার জন্য প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছে।
কলেজের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি আবেদনের রোল নম্বর অনুযায়ী নির্ধারিত সময়সূচিতে নির্দিষ্ট কক্ষে মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে। পরীক্ষার নির্ধারিত সময়ের অন্তত ৩০ মিনিট আগে কলেজ গেটে উপস্থিত থাকতে হবে।
মৌখিক পরীক্ষায় শিক্ষার্থীদের ভর্তি আবেদনের প্রবেশপত্র, এসএসসির মূল রেজিস্ট্রেশন কার্ড, মূল প্রবেশপত্র এবং ট্রান্সক্রিপ্ট/মার্কশিটের ইন্টারনেট প্রিন্ট কপি সঙ্গে আনতে হবে। সহশিক্ষা কার্যক্রমের সনদ থাকলে সেটিও আনতে বলা হয়েছে।
এ ছাড়া ক্যাম্পাসে মুঠোফোন বা কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস নিয়ে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।
এসএসসির জিপিএ, লিখিত ও মৌখিক পরীক্ষার ফলের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী চূড়ান্তভাবে শিক্ষার্থী ভর্তি করা হবে। চূড়ান্তভাবে মনোনীতদের তালিকা মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৫টার মধ্যে কলেজের ওয়েবসাইটে প্রকাশ করার কথা রয়েছে।
এর আগে গত ১০ সেপ্টেম্বর মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের আবেদনকারীদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরদিন ১১ সেপ্টেম্বর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়া হয়।



