শিক্ষা

ড্যাফোডিলে ‘প্লেসমেন্ট সেলিব্রেশন ডে ২০২৬’ অনুষ্ঠিত

ছবি : সংগৃহীত

সফল গ্র্যাজুয়েটদের সম্মাননা, অ্যালামনাইদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি এবং কর্মসংস্থানে ভূমিকা রাখা প্রতিষ্ঠানগুলোকে স্বীকৃতি দেওয়ার মধ্য দিয়ে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) ‘প্লেসমেন্ট সেলিব্রেশন ডে ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের (সিডিসি) আয়োজনে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। গত এক বছরে দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি পাওয়া ডিআইইউর গ্র্যাজুয়েটদের পেশাগত সাফল্য উদযাপন এবং বিশ্ববিদ্যালয়ের সঙ্গে অ্যালামনাইদের সম্পর্ক আরও জোরদার করাই ছিল আয়োজনের মূল লক্ষ্য।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক দেবদুলাল রায়। বিশেষ অতিথি ছিলেন ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের নির্বাহী পরিচালক মো. মাহাবুবুল করিম, ডিআইইউর উপাচার্য অধ্যাপক ড. এম আর কবির, উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মাসুম ইকবাল, কোষাধ্যক্ষ ড. হামিদুল হক খান এবং রেজিস্ট্রার ড. নাদির বিন আলী।

এ ছাড়া ড্যাফোডিল ফ্যামিলির চেয়ারম্যান ও ডিআইইউ ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খান ভার্চুয়ালি যুক্ত হয়ে গ্র্যাজুয়েটদের উদ্দেশে ভিডিও বার্তা দেন।

গ্র্যাজুয়েটদের অভিজ্ঞতা ও বর্ণাঢ্য র‌্যালি

চাকরিপ্রাপ্ত আমন্ত্রিত গ্র্যাজুয়েটদের অভ্যর্থনা ও নিবন্ধনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। উদ্বোধনী পর্বে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্বাগত বক্তব্য দেন। এ সময় সফল গ্র্যাজুয়েটরা তাদের কর্মজীবনের অভিজ্ঞতা ও সাফল্যের বিভিন্ন দিক তুলে ধরেন।

পরে চাকরিপ্রাপ্ত গ্র্যাজুয়েটদের অংশগ্রহণে ক্যাম্পাসে একটি বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। ডিআইইউ কালচারাল ক্লাবের পরিবেশনার মধ্য দিয়ে স্বাধীনতা সম্মেলন কেন্দ্র থেকে শুরু হওয়া র‌্যালিটি কেন্দ্রীয় খেলার মাঠ ও শহীদ মিনারের পাশ দিয়ে নলেজ টাওয়ারে গিয়ে শেষ হয়।

র‌্যালিতে ডিআইইউ রোভার স্কাউট ও বিএনসিসির সদস্যরা অংশ নেন এবং প্রাক্তন শিক্ষার্থীদের ‘গার্ড অব অনার’ প্রদান করেন।

ফুলের তোড়ার বদলে দেওয়া হলো গাছ

এবারের আয়োজনের অন্যতম বৈশিষ্ট্য ছিল পরিবেশবান্ধব উদ্যোগ। সফল গ্র্যাজুয়েটদের সম্মাননা জানানোর সময় প্রচলিত ফুলের তোড়ার পরিবর্তে স্যাশের পাশাপাশি ইনডোর ও শোভাবর্ধক গাছ উপহার দেওয়া হয়।

আয়োজকদের মতে, গ্র্যাজুয়েটদের হাতে গাছ তুলে দেওয়ার মাধ্যমে তাদের সমৃদ্ধি, সাফল্য ও নিরবচ্ছিন্ন পেশাগত অগ্রগতির বার্তা দেওয়া হয়েছে। একই সঙ্গে এ উদ্যোগের মাধ্যমে টেকসই উন্নয়ন ও পরিবেশ সচেতনতার বিষয়টিও তুলে ধরা হয়।

দিনব্যাপী আয়োজনের শেষপর্বে ক্যাম্পাসে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে শিক্ষার্থীদের বিভিন্ন পরিবেশনা উপস্থাপিত হয়।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, অ্যালামনাইদের পেশাগত অর্জন উদযাপনের পাশাপাশি গ্র্যাজুয়েটদের কর্মজীবনে নতুন সুযোগ তৈরি এবং বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে যোগাযোগ আরও জোরদারে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

ক্যাটাগরি